হেলেনার কোলজুড়ে চার কন্যা
ময়মনসিংহের নান্দাইল উপজেলার সেরপুর ইউনিয়নের তুরুন্তিপাড়া গ্রামের গৃহবধূ হেলেনা আক্তার একসঙ্গে চার কন্যার জন্ম দিয়েছেন। গত শুক্রবার রাত ১১টা ৩৭ মিনিটে ময়মনসিংহ শহরের আল জান্নাত ক্লিনিকে অস্ত্রোপচারের (সিজারিয়ান) মাধ্যমে চারটি সুস্থ কন্যাসন্তান প্রসব করেন তিনি। মুঠোফোনে যোগাযোগ করা হলে ক্লিনিকের মালিক মো. আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একসঙ্গে চার সন্তানের জন্ম দেওয়ার ঘটনা তাঁর ক্লিনিকে এটিই প্রথম। হেলেনার স্বামী ফারুক মিয়া গতকাল শনিবার প্রতিক্রিয়ায় বলেন, ‘আমার তিন ছেড়ি (কন্যা) আছে। মনে করছিলাম এইবার ছেড়া (ছেলে) অইব। কিন্তু ছেড়ি অইছে। আল্লায় যা দিছে তা নিয়া আমি সন্তুষ্ট।’ ক্লিনিক কর্তৃপক্ষ গতকাল জানায়, সন্তান প্রসবের পর প্রসূতির রক্তস্বল্পতা দেখা দেওয়ায় তাঁকে রক্ত দিতে হচ্ছে। এখন তিনি কিছুটা ভালো আছেন। চিকিৎসকেরা তাঁর দিকে নজর রাখছেন।