হেল্পলাইন মাল্টিপারপাসের চেয়ারম্যান আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কদমতলীর হেল্পলাইন মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির চেয়ারম্যান শাহনাজ আক্তারকে (৩০) গতকাল রোববার আটক করেন গ্রাহকেরা। পুলিশ শাহনাজকে থানায় নিতে চাইলে মারমুখী হয়ে ওঠেন তাঁরা।রাত সাড়ে আটটার দিকে তাঁকে থানায় নেওয়ার সময় শতাধিক নারী-পুরুষ জামানতের টাকা ফেরত দেওয়ার দাবিতে বিক্ষোভ করেন। একপর্যায়ে তাঁরা বুড়িগঙ্গা দ্বিতীয় সেতুর কদমতলী প্রান্তে কয়েকটি যানবাহন ভাঙচুর করে সড়ক অবরোধের চেষ্টা করেন। পুলিশ তাঁদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়।শাহনাজ ও তাঁর পরিবারের সদস্যরা গত ২১ ফেব্রুয়ারি থেকে হেল্পলাইন মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির কার্যালয় বন্ধ করে আত্মগোপনে ছিলেন। শাহনাজ, তাঁর বাবা, বোনসহ সাতজনের বিরুদ্ধে গ্রাহকদের ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ২৬ ফেব্রুয়ারি দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করেন মো. আবুল বাশার নামের এক গ্রাহক।গ্রাহক ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রাজধানীর বাবুবাজার এলাকার একটি আড়তের সামনে গতকাল শাহনাজকে দেখতে পান কয়েকজন গ্রাহক। শাহনাজ পালানোর চেষ্টা করলে লোকজন তাঁকে ধরে কেরানীগঞ্জের শহীদনগর উচ্চবিদ্যালয়ে নিয়ে আসে। খবর পেয়ে ছুটে যান হেল্পলাইন মাল্টিপারপাসের ক্ষতিগ্রস্ত আরও শতাধিক গ্রাহক। সন্ধ্যার দিকে কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ক্ষুব্ধ গ্রাহকদের শান্ত করার চেষ্টা করে।এ সময় কেরানীগঞ্জ মডেল টাউন এলাকার এক নারী গ্রাহক (৪০) বলেন, ‘আমার স্বামী চায়ের দোকান করে এক লাখ টাকা হেল্পলাইন মাল্টিপারপাসে জমা রেখেছিলেন। সেই টাকা নিয়ে শাহনাজ পালিয়ে যান। উপজেলা চেয়ারম্যান সেই টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করলে আমরা শাহনাজকে পুলিশে সোপর্দ করতে রাজি আছি।’ অপর এক নারী গ্রাহক বলেন, ‘আমরা গচ্ছিত টাকা ফেরত চাই।’তবে শাহনাজ আক্তার সাংবাদিকদের বলেন, ‘গ্রাহকেরা যে পরিমাণ টাকা দাবি করছেন, তত টাকা তাঁরা পাবেন না। তাঁদের টাকা ফেরত দেওয়া হবে।’ কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন আহম্মেদ প্রথম আলোকে বলেন, ‘গ্রাহকেরা যাতে টাকাগুলো পান, সেই ব্যবস্থা করা হবে।’যোগাযোগ করলে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন বলেন, ‘কোনো গ্রাহক শাহনাজ আক্তারের বিরুদ্ধে থানায় মামলা না করলে তাঁকে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় সোপর্দ করা হবে। সেখানে তাঁর বিরুদ্ধে আগে থেকেই একটি মামলা আছে।’