হেল্পলাইন মাল্টিপারপাসের চেয়ারম্যান রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কদমতলীর হেল্পলাইন মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির চেয়ারম্যান শাহনাজ আক্তারকে পাঁচ দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এক গ্রাহকের করা মামলায় গত মঙ্গলবার শাহনাজকে রিমান্ডে নেওয়া হয়। এদিকে হেল্পলাইন মাল্টিপারপাসের গ্রাহক ও মাঠকর্মীরা তাঁদের গচ্ছিত টাকা ফেরত পাওয়ার আশায় প্রতিদিনই দক্ষিণ কেরানীগঞ্জ থানায় ভিড় করছেন। শাহনাজ ও তাঁর পরিবারের সদস্যরা গত ২১ ফেব্রুয়ারি থেকে কদমতলীর কাঁচাবাজার এলাকার বাসভবনে হেল্পলাইন মাল্টিপারপাসের কার্যালয় বন্ধ করে লাপাত্তা হন। শাহনাজ, তাঁর বাবা, বোনসহ সাতজনের বিরুদ্ধে গ্রাহকদের ১০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ২৬ ফেব্রুয়ারি দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা করেন মো. আবুল বাশার নামের এক গ্রাহক। এরপর গত রোববার কয়েকজন গ্রাহক শাহনাজকে আটক করেন। পরে পুলিশ গ্রাহকদের পাওনা আদায়ের ব্যবস্থা করার আশ্বাস দিয়ে শাহনাজকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।গতকাল বুধবার বেলা ১১টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় গিয়ে দেখা যায়, প্রায় অর্ধশত নারী থানার কাছে বসে আছেন। তাঁদের একজন কেরানীগঞ্জের বন্দডাকপাড়া এলাকার বাসিন্দা সাবিনা ইয়াসমিন বলেন, ‘প্রায় ছয় বছর ধরে হেল্পলাইনে মাঠকর্মীর কাজ করেছি। গ্রাহকদের প্রায় ২২ লাখ টাকা জমা দিয়েছি। প্রতিষ্ঠানের চেয়ারম্যান টাকা আত্মসাৎ করায় গ্রাহকদের চাপে ১৪-১৫ দিন ধরে আত্মীয়ের বাসায় থাকি। শাহনাজ আমার টাকা ফেরত দেবেন তো?’অপর মাঠকর্মী নিলুফা বেগম বলেন, ‘দেড় বছরে সাড়ে চার লাখ টাকা জমা দিয়েছি। যেদিন আমরা শাহনাজকে আটক করেছিলাম, সেদিন পুলিশ বলেছিল, আমাদের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করবে। তিন দিন চলে গেল কিন্তু টাকা পাওয়ার কোনো সম্ভাবনা দেখছি না।’কথা হয় কেরানীগঞ্জের শহীদনগরের গ্রাহক জোছনা বেগমের সঙ্গে। তিনি বলেন, ‘এককালীন দুই লাখ টাকা জমা দিয়েছি। আর প্রায় দুই বছর ধরে প্রতিদিন ১০০ টাকা করে জমা দিয়েছি। এ ছাড়া আত্মীয়স্বজনের টাকাসহ সব মিলিয়ে প্রায় ১৭ লাখ টাকা জমা দিয়েছিলাম। এখন কীভাবে টাকা ফেরত পাব, কে টাকা ফেরত দেবে—এ নিয়ে চিন্তায় আছি।’গ্রাহকদের অর্থ আত্মসাৎ মামলার তদন্ত কর্মকর্তা ও দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আজাদ হোসেন গতকাল প্রথম আলোকে বলেন, ‘শাহনাজকে জিজ্ঞাসাবাদের জন্য গত মঙ্গলবার দুপুরে সাত দিনের রিমান্ডের আবেদন করে ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করলে তাঁকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহনাজ দুই কোটি ৩২ লাখ টাকা আত্মসাতের কথা স্বীকার করেছেন।’