হেল্পলাইন ১০৯২১ কাজের কাজ হচ্ছে কি?
ঢাকার ইস্কাটনে মহিলাবিষয়ক অধিদপ্তরের আটতলায় শীতাতপনিয়ন্ত্রিত ছোট একটি ঘর। ঘরটিতে ঢুকতেই কানে আসে কয়েকটি ফোনের ‘ক্রিং ক্রিং’ শব্দ। এক নারীকে ফোন ধরে বলতে শোনা গেল ‘আপনি কান্নাকাটি বন্ধ করুন। পরিচয় দিয়ে শান্ত হয়ে ঘটনাটি বলুন।’
ঘরটিতে নারী ও শিশু নির্যাতনের ব্যাপারে সহায়তা দেওয়ার জন্য জাতীয় হেল্পলাইন সেন্টারের কাজ চলছে। পাশাপাশি বুথে ১০টি টেলিফোন। সাতজন নারী কর্মকর্তার কেউ কথা শুনছেন, কেউ সান্ত্বনা বা সহায়তার আশ্বাস দিচ্ছেন। কথা বলতে বলতে তাঁরা তথ্য টুকে নিচ্ছেন।
হেল্পলাইনের নম্বর ১০৯২১, খোলা থাকে ২৪ ঘণ্টা। বিনা খরচের এই নম্বরে চলতি বছরের প্রথম নয় মাসে সারা দেশ থেকে প্রতিদিন গড়ে তিন শর মতো ফোন এসেছে, বেশিরভাগই অবশ্য মূলত কার্যক্রমটি সম্পর্কে জানার জন্য। সহায়তা চেয়েছেন মাত্র ৩০ জনের মতো।
গত নয় মাসে মোট ফোন এসেছে প্রায় ৮৪ হাজার। এগুলোর মধ্যে হেল্পলাইন সম্পর্কে জানতে চাওয়া ফোনের সংখ্যা ছিল ৭০ হাজারের মতো। প্রকল্পটির কর্মকর্তারা বলছেন, অনেক মানুষই এখনো সেবাটির কথা পরিষ্কার জানেন না। তেমন প্রচার নেই। তা ছাড়া একসঙ্গে অনেককে সহায়তা জোগানোর মতো লোকবল ও সুযোগ-সুবিধা নেই। থাকলে এটা আরও কাজে লাগত।
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় ২০১২ সালের ১৯ জুন হেল্পলাইনটি চালু করে। ফোনে কেউ সাহায্য চাইলে হেল্পলাইনের কর্মকর্তারা পুলিশ, চিকিৎসক, আইনজীবী বা স্থানীয় চেয়ারম্যান-মেম্বারদের সঙ্গে যোগাযোগ করে সহায়তার ব্যবস্থা করেন।
অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে এই প্রতিবেদক রাজধানীতে নানা শ্রেণির অন্তত ৬০ জন নারী-পুরুষের সঙ্গে কথা বলেন। তাঁদের মধ্যে ৫৭ জন এই হেল্পলাইনের কথা জানেন না। দুজন বলেছেন তাঁরা ব্যাপারটা জানেন, কিন্তু নম্বরটি না। মাত্র একজন বলেছেন, তাঁর কাছে নম্বরটি আছে। এই নারী একটি এনজিওতে চাকরি করেন। শাহবাগের বাসিন্দা গৃহিণী ঝরনা বেগম (৪৫) বলেছেন, ‘আমার ছোট মেয়ে কলেজে পড়ে। ওকে নিয়ে সব সময় আতঙ্কে থাকি। এ রকম একটা নম্বর আছে, জানতাম না।’ পরে তিনি নম্বরটি লিখে নেন।
নারী নির্যাতন প্রতিরোধকল্পে মাল্টিসেক্টরাল কর্মসূচির পরিচালক আবুল হোসেন প্রথম আলোকে বলেন, ‘আর্থিক সীমাবদ্ধতার কারণে খুব বেশি প্রচার সম্ভব নয়। তাই নম্বরটি সবাইকে জানানোটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’ তবে লোকবল কম থাকায় খুব বেশি প্রচার করার ব্যাপারে তাঁর একটা উদ্বেগও আছে।
হেল্পলাইন কর্মকর্তা মাসুম রেজা তিন বছর এখানে কাজ করছেন। তিনি বলেন, সাহায্য চেয়ে যে ফোনগুলো আসে, সেগুলো প্রধানত পারিবারিক সহিংসতা, যৌতুক ও বাল্যবিবাহের অভিযোগে। বাল্যবিবাহ-সংক্রান্ত ফোন বেশি আসে শুক্রবারে, কারণ এদিন সাধারণত বেশি বিয়ে হয়।
গত নয় মাসে নির্যাতনের ব্যাপারে সহায়তা চেয়ে ফোন এসেছে নয় হাজার, যা মোট ফোনের মাত্র ১১ শতাংশ। এগুলোর প্রায় অর্ধেক ছিল শারীরিক নির্যাতনের অভিযোগে। যৌন নির্যাতনের অভিযোগে ফোন এসেছে এক হাজারের বেশি। কাছাকাছি সংখ্যার ফোন এসেছে স্বামী ভরণ-পোষণ দিচ্ছেন না, স্ত্রীর উপার্জনের অর্থ নিয়ে নিচ্ছেন—এমন অভিযোগে। এ সময়ে বাল্যবিবাহের ঘটনায় ফোন এসেছে ৭৬১টি।
প্রকল্পের প্রধান সমন্বয়ক শায়লা ইয়াসমীন বলছেন, মোটের ওপর সব কটি ঘটনার ক্ষেত্রেই তাঁরা সহায়তার জন্য প্রয়োজনীয় যোগাযোগ করিয়ে দিতে পেরেছেন। তবে নিজেদের তত্ত্বাবধানে সমস্যা মেটাতে পেরেছেন মাত্র প্রায় চার শ ঘটনায়। এগুলোর বেশির ভাগই বাল্যবিবাহ ঠেকানোর ঘটনা।
সহায়তা চেয়ে যাঁরা ফোন করেন, তাঁদের বেশির ভাগই নারী। হেল্পলাইনে কর্মরত ২৪ জনের ৯ জন নারী। কর্তৃপক্ষ বলছে, অভিযোগকারীরা নারী কর্মীদের সঙ্গে কথা বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। তবে নারী কর্মীরা রাতে থাকেন না। শায়লা ইয়াসমীন বলেন, প্রতি মাসে কর্মীদের দক্ষতার চাহিদা বিচার করে তাঁদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়।
প্রকল্পের একজন উচ্চপদস্থ কর্মকর্তা বলছেন, অফিসের সময়ের পর কেউ ফোন করে সাহায্য চাইলে সেটার ব্যবস্থা করতে কষ্ট হয়। হাসপাতালে রাতে অনেক সময় কাউকে পাওয়া যায় না। অনেক হাসপাতালে অ্যাম্বুলেন্স থাকে না। আবার মাঝেমধ্যে ভিকটিমকে উদ্ধার করতে বারবার স্থানীয় প্রশাসনকে ফোন করতে হয়। অনেক সময় পুলিশও তাৎক্ষণিক সেবা দিতে গড়িমসি করে।
প্রধান সমন্বয়ক শায়লা ইয়াসমীন বলেন, কখনো হয়তো ব্যবস্থা নেওয়ার মতো যথেষ্ট সময় হাতে থাকে না। আবার অনেক সময় সঠিক তথ্য পাওয়া যায় না। অনেক সময় ভিকটিম পরিচয় দেন না। এমনকি নিজের পরিবারকেও কিছু জানাতে চান না। আবার অনেকে অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে চান না। তখন তাঁদের সাহায্য করা যায় না।
প্রকল্প পরিচালক আবুল হোসেন বলছেন, আগামী বছর থেকে স্কুল-কলেজের পাঠ্যবইয়ের পেছনে এই নম্বরটি দেওয়া থাকবে। এ ছাড়া লোকবলও বাড়ানো হবে, যাতে একসঙ্গে অন্তত ৩০ জনকে সহায়তা করা যায়।
হেল্পলাইনে যোগাযোগকারী ভিকটিমদের আইনি সহায়তা দেয় বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি। সংগঠনটির নির্বাহী পরিচালক সালমা আলীর মতে, হেল্পলাইনের কর্মীদের আরও সক্রিয় হতে হবে। সহায়তার জন্য বিভিন্ন জায়গায় যোগাযোগের যে পরামর্শ তাঁরা দেবেন, তা যথাযথ হওয়া চাই।
পাশাপাশি, মনোযোগ দিয়ে ভিকটিমদের কথা শুনতে হবে, তাঁদের সঙ্গে সমমর্মী হয়ে কথা বলতে হবে। কর্মীদের আরও দক্ষ হতে হবে, যাতে তাঁরা কথা বলার মাধ্যমে ভিকটিমকে আস্থা, সাহস ও মানসিক সহায়তা জোগাতে পারেন। মোদ্দা কথা, হেল্পলাইনের কর্মীকে একজন পরামর্শকের ভূমিকা নিতে হবে। এ জন্য তাঁদের যথাযথ প্রশিক্ষণ দরকার। তিনি আরও বলেন, পুলিশ, হাসপাতাল বা অন্যান্য প্রতিষ্ঠানের যে কর্মীরা ভিকটিমকে সহায়তা করেন, তাঁদের নারী ও শিশুবান্ধব সেবাদানের প্রশিক্ষণ দিতে হবে। নারী ও শিশুদের সহযোগিতার জন্য তাঁদের একাত্ম হতে হবে, ব্রতী হতে হবে। পাশাপাশি, তাঁদের মধ্যে শক্তিশালী সমন্বয় দরকার। এ ক্ষেত্রে বেসরকারি সংস্থার সম্পৃক্ততা বাড়ানো যেতে পারে। এ ছাড়া সরকারের প্রকল্পটিতে বাজেটও বাড়াতে হবে।
কয়েকটি হেল্পলাইন
নারী ও শিশুর সহায়তা, পরামর্শ, নির্যাতন প্রতিরোধে
* ১০৯২১ (জাতীয় হেল্পলাইন, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়; ২৪ ঘণ্টা)
* ০২–৯১১০৮৮৫ (ভিকটিম সাপোর্ট সেন্টারের উইমেন অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের হটলাইন; ২৪ ঘণ্টা। দ্রুত সহায়তার জন্য ০১৭৪৫৭৭৪৪৮৭, ০১৭৫৫৫৫৬৬৪৪, ০১৭৩৩২১৯০০৫)
* ০২–৫৫১৬৫০৭৭ (ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার: ২৪ ঘণ্টা, ঢাকা)
* ০১৯৫৫৫৯০৬৪৬, ০১৭৯০২২০৯৬৮ (কারিতাস; নারীদের সাময়িক আবাসন ব্যবস্থা, ঢাকা)
* ১০৯৮ (সমাজকল্যাণ মন্ত্রণালয়; শুধু শিশু, ২৪ ঘণ্টা)
আইনি সহায়তায়
* ০১৭৬১২২২২২২-৪ (জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা; সকাল ৯টা থেকে বিকেল ৫টা, সরকারি ছুটির দিন বন্ধ)
* ০১৭২৪৪১৫৬৭৭ (আইন ও সালিশ কেন্দ্র; রবি–বৃহস্পতি, সকাল ৯টা থেকে বিকেল ৫টা, শুক্র ও শনি সকাল ৯টা থেকে রাত ৮টা)
* ০১৭১১৮০০৪০০, ০১৭১১৮০০৪০১, ০১৭১১৮০০৪০৭ (বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি; ২৪ ঘণ্টা, ঢাকা)
* ০১৭১৫২২০২২০ (বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট—ব্লাস্ট; রবি থেকে বৃহস্পতি, সকাল ৯টা থেকে বিকেল ৫টা )
অন্যান্য
* দেশজুড়ে পুলিশ প্রশাসনের প্রাসঙ্গিক টেলিফোন নম্বর জানতে: ১০০ (ঢাকা মেট্রোপলিটন পুলিশ; ২৪ ঘণ্টা)
* অ্যাসিড আক্রান্ত হলে সহায়তা: ০১৭১৩০১০৪৬১ (অ্যাসিড সারভাইভারস ফাউন্ডেশন; ২৪ ঘণ্টা)
* সাইবার অপরাধে সহায়তা: ০১৭৬৬৬৭৮৮৮৮ (ইনসাইট বাংলাদেশ ফাউন্ডেশন; সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা, সরকারি ছুটির দিন বন্ধ)
* স্বাস্থ্য–সংক্রান্ত যেকোনো সহায়তা: ১৬২৬৩ (স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়; ২৪ ঘণ্টা)
* শ্রমিকদের সহায়তা: ০১৭৬১২২২২২৪ (সরকারের সহায়তায় ইউএনডিপি; সকাল ৯টা থেকে বিকেল ৫টা, সরকারি ছুটির
দিন বন্ধ)