হেল্পলাইনে যুক্ত হলো গ্রামীণফোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের ২৪ ঘণ্টা জরুরি সাহায্যের হেল্পলাইন ১০৯৮-এ যুক্ত হয়েছে মুঠোফোন অপারেটর গ্রামীণফোন। রাজধানীর একটি হোটেলে গতকাল সোমবার এ সেবা দিতে চুক্তি স্বাক্ষর করছে জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) ও গ্রামীণফোন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এ চুক্তির ফলে দেশের ১০টি উপজেলায় এই হেল্পলাইনের আওতায় কাউন্সেলিং, পুনর্বাসনসহ বিভিন্ন সেবা পাবে শিশুরা। শিশুদের জন্য এই হেল্পলাইন সেবায় টোল ফ্রি কল ছাড়াও কলসেন্টার স্থাপনে আর্থিক সহায়তা করা হচ্ছে। মঙ্গলবার থেকে এই হেল্পলাইনে গ্রামীণফোন নম্বর থেকে কল করা যাবে। প্রথমে ১০টি উপজেলায় দিয়ে শুরু হলেও ক্রমান্বয়ে সারা দেশে এর পূর্ণাঙ্গ সেবা সম্প্রসারণে সহায়তা করার পরিকল্পনার কথাও জানায় অপারেটরটি।

বাংলাদেশে ২০১১ সালের ১৭ এপ্রিল ইউনিসেফের কারিগরি সহায়তায় সমাজসেবা অধিদপ্তরের প্রোটেকশন অব চিলড্রেন অ্যাট রিস্ক (পিসিএআর) প্রকল্পে বেসরকারি সংগঠন অপরাজেয় বাংলাদেশ পরীক্ষামূলকভাবে এই হেল্পলাইন কার্যক্রম শুরু করে।