রাজধানীর মতিঝিলে ঘরোয়া হোটেলের কর্মচারী রিয়াদের (১৬) খুনিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হয়েছে। গতকাল বুধবার এলাকাবাসী এসব কর্মসূচি পালন করেন।
গতকাল বেলা ১১টায় রিয়াদের নিজ গ্রাম উপজেলার হাড়িয়াইন থেকে খুনিদের ফাঁসির দাবি-সংবলিত ব্যানার ও ফেস্টুন নিয়ে এলাকাবাসী একটি মিছিল বের করেন। প্রায় পাঁচ কিলোমিটার হেঁটে হাজীগঞ্জ বাজারে আসেন তাঁরা। এরপর মিছিলকারীরা কুমিল্লা-চাঁদপুর মহাসড়কের পাশে হাজীগঞ্জ বাজারের বড় মসজিদের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারী হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবালুজ্জামান বলেন, ‘ঢাকার ওয়ারী থানার পুলিশের ভূমিকা নিয়ে আমাদের সন্দেহ রয়েছে। যথাযথ প্রমাণ থাকা সত্ত্বেও হোটেলের মালিক আরিফুল হককে পুলিশ গ্রেপ্তার করছে না। আমরা অবিলম্বে খুনিদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি করছি।’
মানববন্ধনে রিয়াদের পরিবারের সদস্যসহ অন্যদের মধ্যে হাটিলা পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল মজুমদার, পৌর ছাত্রলীগের সভাপতি জাকির হোসেন, হাটিলা পূর্ব ইউনিয়ন যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
গত ২৭ অক্টোবর মতিঝিলের ঘরোয়া হোটেলের মালিক আরিফুল হক ও তাঁর কয়েকজন কর্মচারী চুরির অভিযোগে রিয়াদ হোসেনকে (১৬) গুলি করে হত্যা করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় ঢাকার ওয়ারী থানায় হত্যা মামলা করা হয়। ওয়ারী থানার পুলিশ ওই ভবনের সিসি (ক্লোজড সার্কিট) ক্যামেরার ফুটেজ দেখে রিয়াদ হত্যার প্রকৃত ঘটনা বের করে।