হোটেল থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
কক্সবাজার শহরের কলাতলী এলাকার হোটেল সি-হ্যাভেন নামের একটি আবাসিক হোটেল থেকে পুলিশ অজ্ঞাতনামা এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে। গতকাল সোমবার বেলা তিনটার দিকে লাশ উদ্ধার হলেও রাত সাড়ে দশটা পর্যন্ত এর রহস্য উদ্ঘাটন হয়নি।
কক্সবাজার সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম বলেন, হোটেলকক্ষের ফ্যানের সঙ্গে গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। হোটেলের নিবন্ধন খাতায় নিহত ব্যক্তির নাম-ঠিকানা নেই। হোটেল কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নিহত ব্যক্তির বয়স ৫৫ থেকে ৬০ বছর হতে পারে।
হোটেলের একজন কর্মচারী বলেন, ওই ব্যক্তি ২৭ দিন ধরে ১০১ নম্বর কক্ষে থাকতেন। পারিবারিক সমস্যা আছে বলে তিনি নাম-ঠিকানা লিখতে দেননি। তাঁর নাম হাসান শাহরিয়ার এবং তিনি বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার (বিআরটিসি) অবসরপ্রাপ্ত সচিব বলে দাবি করতেন। তাঁর বাড়ি ঢাকা অথবা কুমিল্লায় হতে পারে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।