হোটেল থেকে চার পাহাড়ি শিশু উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবান জেলা শহরের একটি আবাসিক হোটেল থেকে গত রোববার চার শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার আদালতে গ্রেপ্তার দুজনের রিমান্ড আবেদনের শুনানি হবে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সুপার (এসপি) সঞ্জিত কুমার রায় সোমবার সংবাদ সম্মেলনে বলেন, বিনা বেতনে পড়াশোনা করানোর প্রলোভন দেখিয়ে ঢাকার মাদ্রাসায় নিয়ে ধর্মান্তরিত করার জন্য ওই চার শিশুকে নিয়ে যাওয়া হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিক উল্লাহ বলেন, শিশুদের অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে রোববার সন্ধ্যায় জেলা শহরের একটি আবাসিক হোটেলে তল্লাশি চালিয়ে তিনটি মেয়ে ও একটি ছেলেকে উদ্ধার করা হয়। ছেলেটি দ্বিতীয় শ্রেণির ছাত্র। মেয়েরা চতুর্থ ও পঞ্চম শ্রেণির ছাত্রী। তাদের বয়স ৯ থেকে ১৩। হোটেল থেকে শিশুদের উদ্ধারের সময় মংশৈপ্রু ত্রিপুরাকে (৪৫) গ্রেপ্তার করা হয়। কিন্তু সুমন খেয়াং (৪০) নামের একজন পালিয়ে যান। মংশৈপ্রু ত্রিপুরা ধর্মান্তরিত হয়েছেন দাবি করে আবু বকর নামে পরিচয় দিয়ে থাকেন। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে জেলা শহরের টাংকির পাহাড় থেকে মোহাম্মদ হাসান (২৫) নামের আরেকজনকে গ্রেপ্তার করা হয়। হাসানের বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার হরিপুর গোল্লাবাড়ি গ্রামে।
মংশৈপ্রু ত্রিপুরা ওরফে আবু বকর পুলিশ সুপার কার্যালয়ে প্রথম আলোকে বলেন, মোহাম্মদ হাসানের কথায় তিনি শিশুদের রোয়াংছড়ি উপজেলার বেতছড়া, তারাছা ও বৈদ্যপাড়া থেকে নিয়ে এসেছেন। মোহাম্মদ হাসান বলেন, ঢাকার মিরপুরের একটি মাদ্রাসায় ভর্তি করানোর জন্য তিনি শিশু নিয়ে আসতে বলেছিলেন। কিন্তু চার শিশু পাহাড়ি ও অমুসলিম সেটা তিনি জানতেন না।
শিশুদের দুজন অভিভাবক বলেন, মংশৈপ্রু ত্রিপুরা ধর্মান্তরিত হয়েছেন সেটা তাঁরা জানতেন না। এক হাজার টাকা নগদসহ মোট পাঁচ হাজার টাকা দিলে বিনা বেতনে পড়াশোনা করানো হবে বলে মংশৈপ্রু ত্রিপুরা তাঁদের ছেলেমেয়েদের নিয়ে এসেছেন। কিন্তু জেলা শহরে এসে তাঁর গতিবিধি ভালো মনে হয়নি। এ জন্য তাঁরা বিষয়টি পুলিশকে জানিয়েছেন।
মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক কৃষ্ণ কুমার দাশ বলেন, চার শিশুকে আদালতের মাধ্যমে অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে। জিজ্ঞাসাবাদে জানা যাবে তাঁরা আগেও এভাবে শিশু নিয়ে গেছেন কি না।
বান্দরবান ত্রিপুরা কল্যাণ সংসদের সভাপতি ও জেলা পরিষদ সদস্য ফিলিপ ত্রিপুরা বলেন, ২০১৪ সালেও ঢাকা থেকে দুই দফায় ২৩ জন পাহাড়ি শিশুকে উদ্ধার করা হয়েছিল। স্থানীয় কতিপয় পাহাড়ি টাকা হাতিয়ে নেওয়ার জন্য কিছু মাদ্রাসার সঙ্গে যোগাযোগ করে এ কাজে জড়িত রয়েছেন। তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।