হোটেল শ্রমিক ইউনিয়নের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রমজান মাসে বিনা বেতনে শ্রমিক ছাঁটাই বন্ধ ও মাসিক বেতনের সমপরিমাণ ঈদ বোনাসের দাবি জানিয়েছে হোটেল শ্রমিক ইউনিয়ন। গত বুধবার মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের শেরপুর আঞ্চলিক কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
তাদের অন্য দাবির মধ্যে রয়েছে বাজারদরের সঙ্গে সংগতিপূর্ণ ন্যূনতম মূল মজুরি ১০ হাজার টাকা ঘোষণা, শ্রমিকদের জন্য রেশনিং প্রথা চালু, আট ঘণ্টা কর্মদিবস, নিয়োগপত্র, পরিচয়পত্র প্রদানসহ শ্রম আইন বাস্তবায়ন, শ্রীমঙ্গলে স্থায়ী শ্রম আদালত ও যুগ্ম শ্রম পরিচালকের কার্যালয় স্থাপন।
জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের শেরপুর আঞ্চলিক কমিটি সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় বিক্ষোভ মিছিলটি ঢাকা-সিলেট মহাসড়কের সদর উপজেলার শেরপুর এলাকা প্রদক্ষিণ শেষে শেরপুর গোলচত্বরে এসে সমাবেশ করে। এতে হোটেল শ্রমিকনেতা শংকর দাস সভাপতিত্ব করেন। হোটেল শ্রমিক ইউনিয়ন শেরপুর আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক এম ডি দুলাল আহমেদের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি কবি শহীদ সাগ্নিক, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ জেলা কমিটির সাধারণ সম্পাদক রজত বিশ্বাস, জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মোস্তফা কামাল প্রমুখ।