হোটেল শ্রমিকদের মজুরির গেজেট কার্যকর করার দাবি
সরকার ঘোষিত নিম্নতম মজুরির গেজেট কার্যকর, শ্রম আইন বাস্তবায়ন এবং শ্রীমঙ্গলে স্থায়ী শ্রম আদালত স্থাপনের দাবি জানিয়েছেন মৌলভীবাজারের হোটেল শ্রমিকেরা। গত শুক্রবার রাতে মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের চৌমোহনার কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভা থেকে তাঁরা এসব দাবি জানান।
মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এই সভায় হোটেল শ্রমিক নেতা মো. আবদুল আজিজ সভাপতিত্ব করেন। তারেশ বিশ্বাসের সঞ্চালনায় সভায় মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি মো. মোস্তফা কামাল, হোটেল শ্রমিক জাহাঙ্গীর হোসেন, সুমন মিয়া, কবিন মিয়া, জালাল মিয়া, মো. কামার উদ্দিন, জাহাঙ্গীর মিয়া, মো. শরীফ মিয়া প্রমুখ বক্তব্য দেন। সভায় আগামী ৫ সেপ্টেম্বর মৌলভীবাজার জেলা কর্মী সম্মেলন সফল করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি নেওয়ার ঘোষণা দেওয়া হয়।
সভায় বক্তারা সিলেটের কালাগুল চা-বাগানের শ্রমিকদের দৈনিক ৩০০ টাকা মজুরিসহ আট দফা দাবি বাস্তবায়ন করে অবিলম্বে বাগান চালু, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি সিলেট জেলা কমিটির আহ্বায়ক নুরুল ইসলামকে নিঃশর্ত মুক্তি প্রদান, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক রূপক দাসসহ কালাগুল বাগানের চা শ্রমিক নেতাদের নামে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও সিলেট শহরতলির মেজরটিলায় দিনমজুর মিরাজ আলীর বাড়িতে হামলায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।