হোটেলে এসি বিস্ফোরণ একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর গুলশানে গতকাল শুক্রবার একটি অভিজাত হোটেলে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) বিস্ফোরণে একজন নিহত ও দুজন আহত হয়েছেন। পুলিশ বলেছে, নিহত ব্যক্তির নাম আনোয়ার হোসেন (২৭) বলে প্রাথমিকভাবে জানা গেছে।
আহত কার্তিক দাশ (৩২) ও সোহেল রানাকে (২৭) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর ওই হোটেল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
এ ছাড়া রামপুরার এক বাসায় বিকট শব্দের পর সৃষ্ট আগুনে দগ্ধ হয়েছেন এক শিক্ষক ও দুই শিক্ষার্থী। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
ঘটনাস্থলে গিয়ে জানা গেছে, গতকাল বেলা তিনটার দিকে গুলশান ২ নম্বরের ৯৬ নম্বর রোডে সিক্স সিজনস নামের হোটেলের ১৫ তলার ছাদে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের বাইরের অংশে ত্রুটি সারানোর কাজ করার সময় বিস্ফোরণ ঘটে। এতে সেখানে কাজ করা মিস্ত্রিদের মধ্যে আনোয়ার নিহত এবং অপর দুজন আহত হন।
সন্ধ্যা ছয়টার দিকে সেখানে গিয়ে দেখা যায়, বিদ্যুতের সংযোগ বন্ধ করে দেওয়ায় পুরো হোটেলে অন্ধকার। উপস্থিত কর্মকর্তারা জানান, কয়েকজন বিদেশিসহ হোটেলে ১০ জনের মতো অতিথি ছিলেন। ঘটনার পর তাঁদের অন্য হোটেলে স্থানান্তর করা হয়েছে।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, এসি বিস্ফোরণে এই হতাহতের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহত ব্যক্তির নাম আনোয়ার হোসেন বলে জানা গেছে। তাঁর আত্মীয়দের খবর দেওয়া হয়েছে। তাঁরা এলে নাম-ঠিকানা বিস্তারিত জানা যাবে।
নথিপত্র ঘেঁটে দেখা গেছে, আবাসিক এলাকায় এ হোটেল নির্মাণের বিরোধিতা করে তা বন্ধ করার জন্য ২০১৩ সালের বিভিন্ন সময়ে তৎকালীন বন ও পরিবেশমন্ত্রী, রাজউকের চেয়ারম্যান, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে চিঠি পাঠিয়েছিলেন সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন। এসব চিঠিতে তাঁর বাড়ি ঘেঁষে হোটেলটির চিমনি নির্মাণ, বিকট শব্দে জেনারেটর চালু করাসহ বিভিন্ন অভিযোগ করা হয়েছিল।
এদিকে বিকেল চারটার দিকে রামপুরার উলন রোডের এক বাসায় হঠাৎ বিকট শব্দের পর আগুন দেখা যায়। সেখানে কয়েকজন শিক্ষার্থীকে পড়াচ্ছিলেন স্থানীয় একটি বিদ্যালয়ের শিক্ষক আশরাফুল ইসলাম (৩০)। আগুনে তিনি এবং একই বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী তানজিলা আক্তার (১৩) ও দ্বিতীয় শ্রেণির ছাত্রী আশরাফী আক্তার (৮) দগ্ধ হয়।
রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন জানান, ওই বাসায় গ্যাসের কোনো চুলা নেই। ঝুঁকিপূর্ণ বিদ্যুতের তারের কোনো আলামতও পাওয়া যায়নি। তবে ময়লার ঝুড়ি ক্ষতিগ্রস্ত অবস্থায় পাওয়া গেছে। ঘটনার রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে।