হোমনা-মুরাদনগর সড়ক খানাখন্দে ভরা
কুমিল্লার গৌরীপুর-হোমনা-মুরাদনগর সড়কের হোমনা-মুরাদনগর অংশের ২৩ কিলোমিটারের বেশির ভাগ অংশই গর্ত ও খানাখন্দে ভরা। এতে এই সড়কে চলাচলকারী লোকজনকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কুমিল্লার হোমনা, মেঘনা, তিতাস, মুরাদনগর ও ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও নবীনগরের লোকজনের কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও সিলেট অঞ্চলের সঙ্গে যোগাযোগের অন্যতম মাধ্যম এই সড়ক। প্রতিদিন ওই সড়ক দিয়ে বিভিন্ন ধরনের কয়েক শ যান চলাচল করে।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, হোমনার মিরশিকারী, ঘাড়মোরা বাজার, কৃষ্ণপুর, শ্রীপুর বাজার, ভাসানিয়া, কাশিপুর বাজার, রঘুনাথপুর বাজারের রাস্তা ভাঙাচোরা এবং খানাখন্দে ভরা। ওই সড়কের বিভিন্ন স্থানে অন্তত ২৫-৩০টি কালভার্ট রয়েছে। এসব কালভার্টের মধ্যেও গর্তের সৃষ্টি হওয়ায় এগুলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। কিছু কিছু গর্ত স্টিলের পাত দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। মিরশিকারীর পূর্ব পাশের বেইলি সেতুটিও লক্কর-ঝক্কর অবস্থায় রয়েছে।
অটোরিকশাচালক সুমন মিয়া বলেন, ‘আমি হোমনা-মুরাদনগর পথে পর্যন্ত গাড়ি চালাই। হোমনা থেকে মুরাদনগর যাইতে যেখানে ৩৫-৪০ মিনিট লাগত এখন লাগে দুই থেকে আড়াই ঘণ্টা। রাস্তা ভাঙাচোরা হওনের কারণে গত এক মাসে গাড়িতে ২১ হাজার টেকার কাজ করান লাগছে, রাস্তা ঠিক না করলে কয়দিন পরে গাড়ি চালানো বন্ধ কইরা দিতে অইবে।’
কাশিপুর হাসেমিয়া উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আবুল বাশার সরকার বলেন, চলাচলের অনুপযোগী এমন রাস্তা দিয়ে প্রতিদিনই কষ্ট করে বিদ্যালয়ে যাওয়া-আসা করতে হয়। শরীর যেন আর সয় না।
এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী সাইফ উদ্দিন আহমেদ বলেন, ‘সড়কটি আমি পরিদর্শন করে দেখেছি, অত্যন্ত দুরবস্থা। গৌরীপুর-হোমনা সড়কটি কুমিল্লা-সিলেট পর্যন্ত সম্প্রসারণ প্রকল্প নামে অনুমোদন হয়েছে। কিছুদিনের মধ্যে দরপত্র আহ্বান করা হবে। এ প্রকল্পের আওতায় রাস্তা সংস্কারে পাশাপাশি হোমনা-গৌরীপুর সড়কে তিনটি ও হোমনা-মুরাদনগর সড়কে একটি সেতু নির্মাণ এবং পূর্বের ১২ ফুট প্রশস্ত সড়কটি ১৮ ফুটে উন্নীত করা হবে। তাতে ব্যয় হবে ৮৮ কোটি ৬৬ লাখ টাকা। আগামী অর্থবছরের প্রথম দিকেই সড়কের নির্মাণকাজ শুরু করা হবে।