হোমনাবাদ আদর্শ কলেজের অধ্যক্ষ সাময়িক বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নানা অনিয়মের অভিযোগ ওঠায় কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হোমনাবাদ আদর্শ কলেজের অধ্যক্ষ মীর মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত রোববার উপজেলা প্রশাসন তাঁকে সাময়িক বরখাস্ত করে।
উপজেলা প্রশাসন অধ্যক্ষকে সাময়িক বরখাস্ত করায় ১৭ দিন পর গতকাল সোমবার কলেজের আন্দোলনরত শিক্ষকেরা শ্রেণিকক্ষে ফিরে যান। ওই দিন থেকেই পুরোদমে ক্লাস শুরু হয়। অধ্যক্ষের স্থলে কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক রাবেয়া বেগমকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়।
কলেজের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের প্রভাষক তবারক উল্যাহ বলেন, কলেজের অধ্যক্ষ মীর মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে টাকা আত্মসাৎসহ নানা ধরনের অনিয়মের অভিযোগ রয়েছে। এসব অনিয়ম নিয়ে কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও অধ্যক্ষের মধ্যে মতবিরোধ দেখা দেয়। ওই কারণে গত নভেম্বর ও ডিসেম্বর মাসের বেতন-ভাতা তুলতে পারেননি শিক্ষকেরা। উদ্ভূত পরিস্থিতিতে ৮ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেন শিক্ষকেরা। এ নিয়ে ২১ জানুয়ারি প্রথম আলোতে ‘বেতন-ভাতার দাবিতে ১২ দিন ধরে কর্মবিরতি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।
কলেজের অচলাবস্থা দূর করার জন্য গত রোববার সন্ধ্যা থেকে রাত আটটা পর্যন্ত নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে কলেজ পরিচালনা পর্ষদ ও শিক্ষকদের এক বৈঠক হয়। ওই বৈঠকে বর্তমান অধ্যক্ষকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে অধ্যক্ষ মীর মোহাম্মদ জাহাঙ্গীর আলমও উপস্থিত ছিলেন।
ইউএনও মোহাম্মদ সাইদুল আরীফ বলেন, পরিকল্পনামন্ত্রীর নির্দেশে ওই সভা ডাকা হয়। সভায় কলেজের তহবিলের অর্থ আত্মসাৎসহ অধ্যক্ষের বিরুদ্ধে আনা বিভিন্ন অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এরই পরিপ্রেক্ষিতে অধ্যক্ষকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
এ ব্যাপারে অধ্যক্ষ মীর মোহাম্মদ জাহাঙ্গীর আলমের মুঠোফোনে গতকাল সোমবার সন্ধ্যায় একাধিকবার ফোন করেও কোনো ধরনের সাড়া পাওয়া যায়নি।