তিতাস নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় কুমিল্লার হোমনা উপজেলার কৃপারামপুর ও মুরাদনগর উপজেলার পাঁচকিত্তায় গত তিন বছরে অন্তত অর্ধশত বিঘা কৃষিজমি বিলীন হয়ে গেছে। এ ছাড়া প্রায় তিন কিলোমিটার রাস্তা হুমকির মুখে পড়েছে।
এদিকে বালু উত্তোলন বন্ধ করতে গত ১১ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত আবেদন করেছেন ওই দুই গ্রামের শতাধিক বাসিন্দা। কিন্তু এ বিষয়ে এখনো কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
ওই লিখিত আবেদন সূত্রে জানা গেছে, হোমনার ভাসানিয়া ইউনিয়নের কৃপারামপুর গ্রামের বালু ব্যবসায়ী মজিবুর রহমান তিন বছর ধরে শ্যালো ইঞ্জিনচালিত খননযন্ত্র দিয়ে তিতাস নদের বিভিন্ন স্থান থেকে বালু উত্তোলন করছেন। এতে নদের মধ্যে ৮০ থেকে ১০০ ফুট গর্ত হয়ে গেছে। এর মধ্যে নদের দুই পাশে অর্ধশত বিঘা কৃষিজমি বিলীন হয়ে গেছে। এর পশ্চিম পাশে কৃপারামপুর-কাশিপুর সড়কে ভাঙনের সৃষ্টি হয়েছে। বিভিন্ন সময়ে গ্রামবাসী বালু উত্তোলন বন্ধ করতে মজিবুর রহমানকে মৌখিকভাবে নিষেধ করলেও তিনি তাতে কর্ণপাত করেননি।
সরেজমিনে কৃপারামপুরে দেখা যায়, গ্রামের পূর্ব দিকে নদের মধ্যে একটি খননযন্ত্র আছে। সেটি থেকে ৫০০ ফুট দূরে চণ্ডীরচর গ্রামে হাজি ইটভাটার দক্ষিণ পাশ পর্যন্ত পাইপ বসানো রয়েছে। কৃপারামপুর খেয়াঘাট থেকে রঘুনাথপুর গ্রামের চেয়ারম্যানবাড়ি পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তায় ভাঙন দেখা দিয়েছে। আর খেয়াঘাটের দক্ষিণ প্রান্তের কৃষিজমি বিলীন হয়ে ভাঙন সেখানকার বাজার পর্যন্ত ঠেকেছে। মুরাদনগরের পাঁচকিত্তায় নদের তীরের জমি ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে।
কৃপারামপুরের কৃষক দানু মিয়া বলেন, ‘আমাগোর ধানি জমি ভাইঙ্গা নদীতে চলে গেছে। অহন আমাগোর বাড়ির পাশের রাস্তায় (কৃপারামপুর-কাশিপুর সড়ক) ভাঙন দেখা দিছে। বালু তোলা বন্ধ না অইলে বাড়িও নদীতে চইলা যাইবে।’
অভিযোগের বিষয়ে মজিবুর রহমান বলেন, ‘আমি তো ড্রেজারের মালিক। আমার ড্রেজার দিয়ে অন্যরা নদীর বিভিন্ন অংশ থেকে বালু উত্তোলন করেন। সেখান থেকে আমি একটা ভাগ পাই মাত্র।’
হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ জামিল বলেন, ‘তিতাস নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। সার্ভেয়ারকে তদন্ত করতে বলেছি। তদন্তের প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।’