হোমনায় জামানত দিয়ে শিক্ষার্থীদের ফরম পূরণ
কুমিল্লার হোমনা উপজেলার দুটি উচ্চবিদ্যালয়ে এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য ও অনিয়মিত শিক্ষার্থীদের কাছ থেকে পাঁচ হাজার টাকা জামানত নিয়ে এসএসসি পরীক্ষার ফরম পূরণ করেছেন কর্তৃপক্ষ।
সদরের হোমনা আদর্শ উচ্চবিদ্যালয় এবং কফিল উদ্দিন বালিকা পাইলট উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে। অভিভাবকদের সঙ্গে লিখিত চুক্তির মাধ্যমে এই জামানত নেওয়া হয়েছে বলে জানা যায়।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, হোমনা উপজেলা সদরের হোমনা আদর্শ উচ্চবিদ্যালয় থেকে ২০১৫ সালের এসএসসি পরীক্ষার জন্য ১০০ শিক্ষার্থী ফরম পূরণ করে। এদের মধ্যে বিভিন্ন বিভাগের ৪০ শিক্ষার্থীদের মধ্যে ছয়জন অনিয়মিত ও বাকিরা এক বা একাধিক বিষয়ে পাস করতে পারেনি। অন্যদিকে কফিল উদ্দিন পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের ১৬৫ শিক্ষার্থী ফরম পূরণ করে। এদের মধ্যে ২৪ জন শিক্ষার্থীর অভিভাবকেরা জামানত দিয়ে ফরম পূরণ করেন। হোমনা আদর্শ উচ্চবিদ্যালয় পরীক্ষার্থী রিফাত জাহান জানায়, টেস্ট পরীক্ষায় এক বিষয়ে ফেল করার জন্য তাকে পাঁচ হাজার টাকা জামানত দিতে হয়েছে।
একই বিদ্যালয়ের এক শিক্ষার্থীর অভিভাবক খবির উদ্দিন বলেন, তাঁর ছেলে টেস্ট পরীক্ষায় এক বিষয়ে ফেল করেছে। এখন ছেলের পরীক্ষা দেওয়ার জন্য ছয় হাজার টাকা জামানত হিসেবে দিয়েছেন। টাকা দেওয়ার পর স্কুল থেকে রশিদও দেওয়া হয়েছে বলে জানান তিনি।
হোমনা আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফর রহমান বলেন, যারা পাস করবে, তারা জামানত ফেরত পাবে। বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সিদ্ধান্তে জামানত নিয়ে ছাত্রদের পরীক্ষার সুযোগ দেওয়া হয়েছে।
কফিল উদ্দিন পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মালেক হোসাইন বলেন, ‘টেস্ট পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের ফরম পূরণ করতে দিতে চাইনি। অভিভাবকদের চাপাচাপিতে শেষ সময়ে দেওয়া হয়েছে। এ জন্য প্রত্যেক অভিভাবকের কাছ থেকে পাঁচ হাজার টাকা জামানত লিখিতভাবে নেওয়া হয়েছে।’উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজহারুল ইসলাম ভুইয়া বলেন, ‘জামানত নিয়ে পরীক্ষার ফরম পূরণ করা বেআইনি। বিষয়টি নিয়ে তদন্ত করছি। সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে।’