হোমনায় পাঁচ হাজার ফুট অবৈধ গ্যাসলাইন উচ্ছেদ
কুমিল্লার হোমনা উপজেলায় অবৈধ গ্যাসলাইনের প্রায় পাঁচ হাজার ফুট অবৈধ গ্যাসের লাইন উচ্ছেদ ও দেড় শ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। গত সোমবার উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকা থেকে ভঙ্গারচর পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের গৌরীপুর আঞ্চলিক কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে স্থানীয় একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এক ইঞ্চি ব্যাসের পাইপ দিয়ে প্রায় ১৫ হাজার ফুট দীর্ঘ অবৈধ গ্যাসলাইন স্থাপন করেন। ওই লাইনটি উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকা থেকে ভঙ্গারচর, ডুমুরিয়া ও গোয়ারীভাঙ্গা পর্যন্ত বিস্তৃত। পরে ওই লাইনকে অবৈধ ঘোষণা করে গৌরীপুর আঞ্চলিক কার্যালয়ের উপব্যবস্থাপক প্রকৌশলী কমল কুমার ঘোষ ২০১৪ সালের ৩০ ডিসেম্বর হোমনা থানায় জিডি করেন।
এলাকাবাসীর অভিযোগ, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কতিপয় কর্মকর্তাকে ম্যানেজ করে হোমনা বাসস্ট্যান্ড-ভঙ্গারচর লাইনটি পুনরায় স্থাপন করেন ওই ঠিকাদার।
গত সোমবার দুপুর ১২টার দিকে অবৈধ গ্যাসের লাইন উচ্ছেদ শুরু করে ২০ থেকে ২৫ জন শ্রমিক। এ সময় হোমনার ইউএনও আহমেদ জামিল, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক সাইফুল আলম ভূঁইয়া (রাইজার), ব্যবস্থাপক জিয়াউল হক চৌধুরী (বিক্রয় উপজেলা), (কারিগরি) প্রমুখ অংশ নেন।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপব্যবস্থাপক কমল কুমার ঘোষ বলেন, ‘আমাদের ম্যানেজ করে গ্যাসের লাইন স্থাপন করার অভিযোগ সঠিক নয়। একটি অবৈধ লাইন উচ্ছেদ করতে অনেক প্রক্রিয়া সম্পন্ন করতে হয়।