হোমনায় ভাটা মালিককে জরিমানা
কুমিল্লার হোমনা উপজেলায় একটি ইটভাটার মালিককে ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অবৈধভাবে ভাটা স্থাপন ও বোরো ধান নষ্ট করার দায়ে গত বুধবার আদালত তাঁকে জরিমানা করেন।
গত বুধবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম কাজী শহিদুল ইসলাম আদালত পরিচালনা করেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন মেসার্স হাজী ব্রিকসের মালিক আবদুল কুদ্দুস।
ইউএনওর কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ভাসানিয়া ইউনিয়নের চণ্ডীপুরের নয়াকান্দিতে এক বছর আগে ইটভাটা নির্মাণ করেন আবদুল কুদ্দুস। ওই ইটভাটা নির্মাণের আগে জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তরের কোনো অনুমোদন নেওয়া হয়নি। এ বছর ওই ইটভাটা থেকে বের হওয়া ইট পোড়ানোর কালো ধোঁয়ায় ঘাড়মোরা ইউনিয়নের কৃপারামপুর ও আছাদপুর ইউনিয়নের কলাগাছিয়া এলাকার প্রায় ৩০ একর বোরো ধান নষ্ট হয়ে যায় বলে একটি অভিযোগ এলাকাবাসী কিছুদিন আগে ইউএনওকে দেন।
ওই অভিযোগ পেয়ে গত বুধবার ইউএনও হাজী ব্রিকসের এলাকায় যান। সেখানে গিয়ে ধোঁয়ায় বোরো ধান নষ্ট হয়ে যাওয়ার বিষয়টি দেখতে পান ইউএনও। পরে সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তিনি ভাটার মালিককে ৮০ হাজার টাকা জরিমানা করেন। অনুমোদনের কোনো কাগজপত্র না থাকায় ৫০ হাজার এবং ফসলের ক্ষতি হওয়ায় (ক্ষতিগ্রস্ত কৃষকদের দিতে) আরও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
ইউএনও কাজী শহিদুল ইসলাম বলেন, ‘ইটভাটার ধোঁয়ায় ফসলের ক্ষতি হওয়ার বিষয়টি আমি নিজে গিয়েও দেখতে পেয়েছি। তা ছাড়া হাজী ব্রিকসের কোনো বৈধ কোনো কাগজপত্রও নেই (জেলা প্রশাসকদের অনুমোদন ও পরিবেশের ছাড়পত্র)। অনুমোদন না থাকায় মালিককে ৫০ হাজার এবং ফসলের ক্ষতি করায় তাঁকে আরও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।