হোমনায় মনোনয়ন ফরম নিয়ে বাণিজ্যের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার হোমনা উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপি নেতাদের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদের মনোনয়ন ফরম নিয়ে বাণিজ্য করার অভিযোগ উঠেছে। আওয়ামী লীগ প্রতিটি মনোনয়ন ফরমের জন্য ২৫ হাজার এবং বিএনপি ২০ হাজার টাকা করে চাঁদা নিচ্ছে।

 দলীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ থেকে চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম গত ১৩ থেকে ২০ মার্চ পর্যন্ত বিতরণ করা হয়। চেয়ারম্যান পদে প্রার্থী বাছাই করতে ২২ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত প্রতিটি ইউনিয়নে পৃথক সভা করে আওয়ামী লীগ। নয়টি ইউনিয়নে ৩৮ জনের কাছে দলীয় মনোনয়ন ফরম বিক্রি করে আওয়ামী লীগ।

চান্দেরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার ভূইয়া বলেন, ‘আমি ছাড়াও চান্দেরচর ইউনিয়নের আরও পাঁচজন দলের মনোনয়ন পেতে ফরম নিয়েছে। আমরা প্রত্যেকেই ২৫ হাজার করে টাকা জমা দিয়ে দলীয় মনোনয়ন ফরম নিয়েছি। উপজেলা দপ্তর সম্পাদকের কাছে এ টাকা জমা দিয়েছি।’

উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও ঘাগুটিয়া ইউনিয়নের মনোনয়ন-প্রত্যাশী আবুল কাসেম প্রধান বলেন, ‘আমি নিজেও দলীয় মনোনয়ন ফরম নিতে ২৫ হাজার টাকা দিয়েছি। দলের খারাপ সময়ে কাজে লাগানোর জন্য মনোনয়ন ফরম বাবদ প্রত্যেকের কাছ থেকে ২৫ হাজার করে টাকা নেওয়া হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নামে ব্যাংকে একটি হিসাব খুলে এ টাকা জমা রাখা হবে।’

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ কে এম ছিদ্দিকুর রহমান বলেন, ‘দলীয় মনোনয়ন ফরম বিক্রি করে চার-পাঁচ শ করে টাকা নিয়েছি, ২৫ হাজার করে টাকা নেওয়ার অভিযোগ সঠিক নয়।’

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল আউয়াল বলেন, ‘হোমনায় দলীয় মনোনয়ন ফরম দিয়ে টাকা নেওয়ার বিষয়টি আমার জানা নাই। আমি খোঁজ নিয়ে বিষয়টি দেখব।’

 উপজেলা বিএনপির দলীয় মনোনয়ন ফরম গত ৮ থেকে ১২ মার্চ বিতরণ করা হয়। ইউনিয়ন পর্যায়ে কোনো সভা না করলেও উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে মনোনয়ন-প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে বলে জানান বিএনপির নেতারা। এ পর্যন্ত বিএনপির ১৯টি মনোনয়ন ফরম বিতরণ করা হয়েছে।

মাথাভাঙ্গা ইউপির বর্তমান চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, ‘বিএনপি থেকে মাথাভাঙ্গা ইউনিয়নে আমিসহ আরেকজন মনোনয়ন ফরম নিয়েছে। প্রত্যেকের কাছ থেকে ২০ হাজার করে টাকা নিয়েছে নেতারা।’

ঘাড়মোরা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা যুবদলের সহসভাপতি মো. শাহজাহান বলেন, ‘দলের মনোনয়ন ফরম কিনতে খরচ বাবদ ২০ হাজার টাকা নেওয়া হয়েছে আমার কাছ থেকে। আমিসহ অন্যরা সবাই ২০ হাজার করে টাকা দিয়েই মনোনয়ন ফরম নিয়েছি।’

 হোমনা উপজেলা বিএনপির সভাপতি মো. মাহফুজুল ইসলাম বলেন, ‘টাকার বিষয়টি অফিশিয়াল কোনো বিষয় নয়। দলের টুকিটাকি খরচ মেটানো হচ্ছে ফি এর টাকা দিয়ে। আসলে এ বিষয়ে আর কোনো কথা বলতে চাচ্ছি না আমি।’

কুমিল্লা উত্তর জেলা বিএনপির সভাপতি খোরশেদ আলম বলেন, ‘আমার জানামতে, দলীয় মনোনয়নের ব্যাপারে কেন্দ্র থেকে টাকাপয়সা নেওয়ার কোনো নির্দেশনা নাই। হোমনা উপজেলায় টাকা নিয়েছে কি না, তা-ও আমার জানা নাই। যদি কোনো মনোনয়ন-প্রত্যাশী থেকে ২০ হাজার করে টাকা নিয়ে থাকে তাদের (হোমনা উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে) জিজ্ঞাসা করা হবে কেন টাকা নিয়েছে।’