হোমনায় মেয়র পদে দেবর-ভাবি মুখোমুখি
কুমিল্লার হোমনা পৌর নির্বাচনে মেয়র পদে মো. জহিরুল হক ও খোদেজা বেগমসহ চারজন মনোনয়নপত্র কিনেছেন। হোমনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জহিরুল হক ও খোদেজা বেগম সম্পর্কে দেবর-ভাবি। একই পদে দেবর-ভাবির মনোনয়নপত্র কেনার বিষয়টি এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত হোমনা উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন মো. জহিরুল হক। অন্যদিকে হোমনা পৌরসভার বর্তমান মেয়র মো. হারুন মিয়ার স্ত্রী হলেন খোদেজা বেগম। হারুন মিয়া ও মো. জহিরুল হক আপন ভাই। এর মধ্যে হারুন মিয়া বড় এবং জহিরুল হক ছোট। জহিরুল ও খোদেজা উভয়ই নির্বাচন করবেন বলে ঘোষণা দিয়েছেন। তাঁরা জয়ের ব্যাপারেও আশাবাদী।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, জহিরুল হক ও খোদেজা বেগম ছাড়াও উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন সরকার ও বিএনপি-সমর্থক আবদুল লতিফ মেয়র পদে নির্বাচন করার জন্য মনোনয়নপত্র কিনেছেন।
খোদেজা বেগম বলেন, ‘আমার স্বামী বর্তমান মেয়র অসুস্থ হওয়ায় আমি মেয়র পদে নির্বাচন করতে মনোনয়নপত্র সংগ্রহ করেছি। আমি শুনেছি আমার দেবরও মনোনয়নপত্র নিয়েছে। কে নির্বাচন করবে সেটা আমার দেখার বিষয় নয়। আমি নির্বাচন করব।’
মো. জহিরুল হক বলেন, ‘আমিও শুনেছি আমার ভাবি মেয়র পদে মনোনয়নপত্র কিনেছেন। তিনি কী কারণে কিনেছেন, তা আমি জানি না। আমাদের পরিবার রাজনৈতিক পরিবার। এলাকাবাসী চাওয়ায় আমি মেয়র পদে মনোনয়নপত্র কিনেছি।’