হোমনায় যাত্রী ছাউনিতে দোকান নির্মাণ মেয়রের

কুমিল্লার হোমনা উপজেলা বাসস্ট্যান্ডের যাত্রীছাউনিতে আটটি দোকান নির্মাণ করা হচ্ছে। হোমনা পৌরসভার মেয়র শ্রমিক দিয়ে এসব দোকান নির্মাণের কাজ করাচ্ছেন।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৯৯৩ সালে রাজধানীর সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করতে ঢাকা-হোমনা বাস সার্ভিস চালু করে এলাকাবাসী। পরে ১৯৯৮ সালে হোমনা-গৌরীপুর সড়কের পাশে হেলিপ্যাডের (হেলিকপ্টার অবতরণের স্থান) জায়গায় হোমনা বাসস্ট্যান্ড নির্মাণ করে উপজেলা পরিষদ। ওই বছরই একটি যাত্রীছাউনি নির্মাণ করা হয়।
সরেজমিনে দেখা গেছে, বাসস্ট্যান্ডের দক্ষিণ ও পশ্চিম পাশে যাত্রীছাউনির ভেতরে ইটের গাঁথুনি দিয়ে চারজন শ্রমিক দোকান নির্মাণের কাজ করছেন।
নির্মাণশ্রমিক বাবুল মিয়া বলেন, ‘এইটা যাত্রীছাউনি ছিল। বাসস্ট্যান্ডের যাত্রীরা আইয়া দাঁড়াইয়া-বইয়া থাকত। মেয়র সাব আমাগোরে কইছে এইখানে দোকান তৈরি করনের লাইগা। এইখানে আটটা দোকান করা অইছে।’
দুলাল চন্দ্র দাস নামের একজন বাসযাত্রী বলেন, ‘ব্যবসার কাজে ঢাকা যাওয়ার পথে বাসের দেরি হলে যাত্রীছাউনিতে আমরা অপেক্ষা করতাম, এখন সেখানে দোকান নির্মাণ করা হচ্ছে। রোদ-বৃষ্টি হলে যাত্রীদের যাওয়ার কোনো জায়গা থাকল না।’
উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক মহসীন সরকার বলেন, ‘বাসস্ট্যান্ডে একটা মাত্র যাত্রীছাউনি আছে। এই ছাউনিতে যাত্রীরা বইসা সময় কাটাইত। এহন মেয়র সাহেব যাত্রীছাউনিতে দোকান বানাইতাছেন। যাত্রীরা যাইবে কই?’
পৌর মেয়র নজরুল ইসলাম বলেন, ‘আমি জেনেছি আমার আগের মেয়র বাসস্ট্যান্ডে ওই যাত্রীছাউনি নির্মাণ করেন। এখন ছাউনিটিতে বখাটেরা আড্ডা দেয় আর মাদক সেবন করে। এই কারণে আমরা সম্প্রতি পৌরসভায় সিদ্ধান্ত নিয়েছি যাত্রীছাউনিতে কয়েকটি দোকান নির্মাণ করে ভাড়া দেওয়া হবে। ব্যক্তিগত কোনো লাভের জন্য এসব দোকান নির্মাণ করা হচ্ছে না।’
উপজেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান বলেন, ‘বাসস্ট্যান্ডের যাত্রী ছাউনিটি উপজেলা পরিষদ থেকে নির্মাণ করা হয়েছে। যাত্রীছাউনির পাশে তিনটি দোকান রয়েছে, যা থেকে উপজেলা পরিষদ ভাড়া আদায় করছে। যাত্রীছাউনিতে কারা দোকান নির্মাণ করছে, তা আমার জানা নাই।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী শহিদুল ইসলাম বলেন, এ বিষয়ে এলাকার কিছু ব্যক্তি মৌখিকভাবে অভিযোগ দিয়েছেন। পৌরসভার মেয়র যাত্রীছাউনিতে দোকান নির্মাণ করতে পারেন না। এ বিষয়ে যেকোনো সময় ব্যবস্থা নেওয়া হবে।