
অমুসলিমদের এ দেশ থেকে তাড়ানোর জন্যই পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটানো হচ্ছে। এসব ঘটনায় অমুসলিমদের মধ্যে আস্থার অভাব সৃষ্টি হয়েছে। এসব সহিংসতা মোকাবিলায় রাষ্ট্র যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না।
গতকাল মঙ্গলবার মুক্তিযুদ্ধ জাদুঘরে ‘বাংলাদেশ রুখে দাঁড়াও’ নামের নাগরিক সংগঠনের সংবাদ সম্মেলনে বক্তারা এসব অভিযোগ করেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহানবী (সা.) সম্পর্কে বিরূপ মন্তব্য করেছেন এ ধরনের অভিযোগে গত ২৬ এপ্রিল কুমিল্লার হোমনা উপজেলার চান্দেরচর ইউনিয়নের বাগসীতারামপুরে কয়েকজন মন্দিরের সামনে উদ্যব দাস ও শ্রীনিবাস দাসকে মারধর করেন। পরের দিন ২৭ এপ্রিল হিন্দু সম্প্রদায়ের ৩২টি বাড়িঘর ভাঙচুর করা হয়৷ লুটপাট করা হয়। এ ঘটনা সরেজমিন তদন্ত করতে ১৭ মে সেখানে যায় ‘বাংলাদেশে রুখে দাঁড়াও’ সংগঠনের একটি দল। সেই তদন্তে পাওয়া তথ্য জানাতে গতকালের সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ২০১১ সাল থেকে বাংলাদেশে নতুন করে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটছে। প্রথম দিকে সংখ্যালঘুদের উপাসনালয়, বিগ্রহের মতো স্থাপনায় হামলা চালানো হলেও এখন তা বাড়িঘরে পৌঁছেছে। এতে করে অমুসলিমদের মধ্যে অনাস্থার ভাব সৃষ্টি হয়েছে৷ এ ধরনের সহিংসতা প্রতিরোধে রাষ্ট্র যা করছে, তা যথেষ্ট নয়।
ফেসবুকের পোস্ট নিয়ে যাচাই-বাছাই না করেই এসব ঘটনা ঘটানো হচ্ছে। এগুলো আসলে পরিকল্পনামাফিক করা হচ্ছে। অমুসলিমদের এ দেশ থেকে বিতাড়িত করার জন্য এ ধরনের হামলা চালানো হচ্ছে বলে অধ্যাপক আনিসুজ্জামান অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান জিয়াউদ্দিন তারেক আলী। লিখিত বক্তব্যে হোমনা এবং দেশের অন্যান্য এলাকার সাম্প্রদায়িক সহিংসতার বিভিন্ন ঘটনা পর্যালোচনা করে বলা হয়েছে, ‘বিশেষ করে মসজিদ ও কওিম মাদ্রাসার মাধ্যমে অতি সূক্ষ্ম পরিকল্পনার মাধ্যমে দেশটিকে একটি ‘‘মনোলিথিক’’ ধর্মের দেশে পরিণত করার আন্তর্জাতিক মদদপুষ্ট চক্রান্ত চলছে।’ এদের অর্থের উৎসস্থলটি সরকারি নজরদারির মধ্যে আনার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ রুখে দাঁড়াও-এর কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক সুলতানা কামাল তদন্তে পাওয়া তথ্য জানাতে গিয়ে বলেন, যাঁর ফেসবুকের পোস্ট নিয়ে এই ঘটনা ঘটেছে, সেই ব্যক্তির ফেসবুক পাসওয়ার্ড ঘটনার কয়েক দিন আগে হ্যাক হয়। তখন তিনি নজরুল নামের একজনের কাছে গিয়ে বিষয়টি জানালে নজরুল তা ঠিক করে দিয়ে নতুন পাসওয়ার্ড দেন। ওই পাসওয়ার্ড ব্যবহার করেই ফেসবুক পেজে ওই পোস্ট কেউ দিয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া ফেসবুকে যা লেখা হয়েছে, সেখানে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মতো কিছু হয়নি বলে দাবি করেন সুলতানা কামাল।
সংবাদ সম্মেলনে উদ্যব দাস ও শ্রীনিবাস দাসের বিরুদ্ধে যে মামলা চলছে তা তুলে নিয়ে তাঁদের হাজত থেকে ছেড়ে দেওয়ার দাবি জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারওয়ার আলী বলেন, এ ধরনের একটি প্রত্যন্ত এলাকায় ২০ মিনিটের মধ্যে ৩২টি বাড়ি ভেঙে দেওয়ার কাজটি পরিকল্পিত এবং প্রশিক্ষিত জনবল ছাড়া ঘটানো সম্ভব নয়।
বাংলাদেশ রুখে দাঁড়াও-এর পক্ষে সুলতানা কামাল, সারওয়ার আলী, আবেদ খান, জিয়াউদ্দিন তারেক আলী, এম এম আকাশ এবং আইন ও সালিশ কেন্দ্রের পক্ষ থেকে আ আ ফয়জুল কবির ও টিপু সুলতান হোমনায় সরেজমিনে তদন্ত করেন।