হোমিও চিকিৎসার উন্নয়নে চাই আরও গবেষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হোমিওবিষয়ক এক অনুষ্ঠানে বক্তারা বলেছেন, হোমিওপ্যাথি চিকিৎসার উন্নয়ন ছাড়া ‘স্বাস্থ্য সুরক্ষা’ সম্ভব নয়। এ জন্য হোমিওপ্যাথি চিকিৎসার গবেষণা বাড়াতে হবে। পাশাপাশি হোমিও চিকিৎসকদের দেশে-বিদেশে প্রশিক্ষণ দেওয়ারও প্রয়োজন।
গতকাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে হোমিও পেশাজীবী সমিতির (হোপেস) ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বক্তারা এসব কথা বলেন।
সভাপতির বক্তব্যে হোপেসের উপদেষ্টা ও সাংসদ মঈন উদ্দীন খান বাদল বলেন, ‘হোমিও চিকিৎসকেরা শুধু ডাক্তার নয়, একজন মানবতাবাদী। যেই চিকিৎসক মানবতাবাদী নয়, মানুষের প্রতি যার প্রেম নেই, সে কী ঘোড়ার ডিমের চিকিৎসা করবে?’ তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীকে বলব, হোমিওপ্যাথি চিকিৎসকদের উন্নয়ন ছাড়া স্বাস্থ্য সুরক্ষা সম্ভব নয়।’
উদ্বোধনী বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, বাংলাদেশে হোমিওপ্যথি চিকিৎসা অনেক এগিয়ে গেছে। বিশ্বের ৮০ শতাংশ মানুষ এখন ট্র্যাডিশনাল চিকিৎসা নেয়। হোমিও চিকিৎসার গুণগত মান বৃদ্ধি করা দরকার। ভালো চিকিৎসা দিতে পারলে এর গ্রহণযোগ্যতা থাকবে।
সাংসদ এ টি এম শাহজাহান কামাল বলেন, বাংলাদেশে হোমিও চিকিৎসার ব্যাপক প্রচলন থাকলেও তেমন গবেষণা হয় না। এটা অবশ্যই হওয়া দরকার। পাশাপাশি হোমিও চিকিৎসকদের দেশে-বিদেশে প্রশিক্ষণ করা প্রয়োজন। তিনি দেশে একটি হোমিও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নেত্রকোনা-১ আসনের সাংসদ ছবি বিশ্বাস, ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল মান্নান চৌধুরী, হোপেসের প্রতিষ্ঠাতা সদস্য ও স্কাই ভিউ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এন জোহা এবং বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল ফেডারেশনের সভাপতি শাখাওয়াত ইসলাম।