হোল্ডিং কর বাড়াবে দুই সিটি করপোরেশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৃহকর বা হোল্ডিং ট্যাক্স বাড়ানো হবে শিগগিরই। পাশাপাশি রাজধানীতে ভারী যানবাহন প্রবেশে নগর শুল্ক প্রথা চালুর চিন্তাও করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।
গতকাল মঙ্গলবার বিকেলে উত্তরা কমিউনিটি সেন্টারে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএনসিসির প্রশাসক মো. ফারুক জলীল। ২০১৪-১৫ অর্থবছরের জন্য দুই হাজার ১০৪ কোটি ৮৭ লাখ টাকার বাজেট ঘোষণা উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এক প্রশ্নের জবাবে মো. ফারুক জলীল বলেন, দুই সিটি করপোরেশনের তরফ থেকেই গৃহকর বাড়ানোর বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এখন দ্রুত কার্যকর করা হবে।
এ ছাড়া রাজধানীতে ভারী যানবাহন প্রবেশ করায় শহরের সড়ক দ্রুত নষ্ট হয় ও মেরামতেও প্রচুর অর্থ লাগে বলে নগর শুল্ক প্রথা চালু, অথবা থোক বরাদ্দের জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছে দুই সিটি কর্তৃপক্ষ।
যত্রতত্র ময়লার কনটেইনার রাখা প্রসঙ্গে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা বি এম এনামুল হক বলেন, বর্জ্য ব্যবস্থাপনার জন্য সরকারের কাছে ‘মিনি ট্রান্সফার স্টেশনের’ জন্য জায়গা চাওয়া হয়েছে। নির্ধারিত জায়গা পেলেই এসব কনটেইনার সরানো সম্ভব বলে জানান তিনি।