হোল্ডিং ট্যাক্সেশন ম্যাপ প্রস্তুতে উন্নত প্রযুক্তি ব্যবহৃত হবে
সঠিক কর নির্ধারণ, হোল্ডিং জরিপ এবং ট্যাক্সেশন ম্যাপ প্রস্তুত করার লক্ষ্যে দক্ষিণ কোরীয় কোম্পানি এলএক্স ল্যান্ড অ্যান্ড জিওস্পেশাল ইনফরমেটিকস করপোরেশনের সঙ্গে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। গতকাল বুধবার গুলশানের একটি হোটেলে এই স্মারক স্বাক্ষরিত হয়।
ডিএনসিসি কর্মকর্তারা বলছেন, সিটি করপোরেশনের আয়ের মূল উৎস হোল্ডিং কর। সঠিক কর নির্ধারণ, হোল্ডিং ট্যাক্সের ডিজিটাল ডেটাবেইস তৈরি এবং জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেমসের (জিআইএস) মাধ্যমে ট্যাক্সেশন ম্যাপ প্রস্তুত করতে পাইলট প্রকল্প নেওয়া হয়েছে। গুলশানের এক বর্গকিলোমিটার এলাকায় প্রকল্পটি চালানো হবে। দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি নিজস্ব অর্থায়নে পাইলট প্রকল্পটি বাস্তবায়ন করবে। অনুষ্ঠানে মেয়র আনিসুল হক বলেন, বিশ্বের উন্নত দেশগুলোতে ট্যাক্সেশন ম্যাপ প্রস্তুত করতে বা নির্ভুলভাবে হোল্ডিং জরিপ চালাতে জিআইএস পদ্ধতি ব্যবহৃত হচ্ছে। কোরীয় কোম্পানির পাইলট প্রকল্পটি সফল হলে পুরো উত্তর সিটি করপোরেশন এলাকায় এই পদ্ধতিতে কাজ করা হতে পারে।
অনুষ্ঠানে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত আন সিয়ং দো উপস্থিত ছিলেন। ডিএনসিসির পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা মেসবাহুল ইসলাম এবং এলএক্সের পক্ষে নির্বাহী পরিচালক মান সিউন চো স্মারকে স্বাক্ষর করেন।