হোসেন ফিরে পেল মা-বাবাকে
মৌলভীবাজারের কুলাউড়ায় কুড়িয়ে পাওয়া চার বছরের শিশু হোসেন তার মা-বাবার কাছে ফিরে গেছে। আদালতের নির্দেশে গতকাল রোববার সমাজসেবা অধিদপ্তর তাকে তার মা-বাবার কাছে হস্তান্তর করে।
সমাজসেবা অধিদপ্তর ও পুলিশ সূত্রে জানা গেছে, ১৮ আগস্ট কুলাউড়া উপজেলার দক্ষিণ চাতলগাঁও এলাকায় রাজু আহমদ নামের এক ব্যক্তি হোসেনকে রাস্তার পাশে বসে কাঁদতে দেখেন। পরে রাজু তাকে সেখান থেকে নিয়ে কুলাউড়া থানায় হস্তান্তর করেন। পুলিশ ১৯ আগস্ট তাকে মৌলভীবাজারের জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-৩-এ হাজির করে। আদালত ছেলেটিকে সমাজসেবা অধিদপ্তরের মৌলভীবাজার কার্যালয় পরিচালিত সিলেটের ছোটমণি নিবাসে পাঠানোর নির্দেশ দেন।
গত বৃহস্পতিবার প্রথম আলোতে হোসেনের ছবি ছাপা হলে তার বাবা-মা ছেলের অবস্থান জানতে পারেন এবং তাঁরা সমাজসেবা অধিদপ্তরের মৌলভীবাজার কার্যালয়ে ছুটে যান। হোসেনের বাবা বাবুল মিয়া ও মা আঙ্গুরা বেগম শ্রীমঙ্গল রেলস্টেশন এলাকায় বসবাস করেন।
সমাজসেবা অধিদপ্তর মৌলভীবাজার কার্যালয়ের উপপরিচালক অরবিন্দ সেনগুপ্ত বলেন, হোসেনকে তার বাবা-মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে।