হোসেনপুর থেকে নিখোঁজ ব্যবসায়ী গোপালগঞ্জে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার রুহুল আমিন নামের এক তেল ব্যবসায়ী নিখোঁজ হওয়ার ১৪ দিন পর তাঁকে অচেতন অবস্থায় গোপালগঞ্জ থেকে উদ্ধার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রামদিয়া বাজারের পাশ থেকে পুলিশ তাঁকে উদ্ধার করেছে। তাঁকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রুহুল আমিনের পরিবার সূত্র জানায়, রুহুল আমিনের (৩০) বাড়ি হোসেনপুরের দুলিহর গ্রামে। তিনি একজন পাইকারি তেল ব্যবসায়ী। গত বছরের ৩০ ডিসেম্বর ব্যবসায়িক প্রয়োজনে ময়মনসিংহের গফরগাঁও যান তিনি।
লেনদেন শেষে বাড়ি ফিরে যাওয়ার কথা বলে গফরগাঁওয়ের ব্যবসায়ীদের কাছ থেকে বিদায় নেওয়ার পর তিনি আর বাড়ি ফিরে আসেননি।
এ ঘটনায় রুহুল আমিনের বাবা ফিরোজ মিয়া ৫ জানুয়ারি হোসেনপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। গতকাল সকাল সাড়ে সাতটার দিকে রামদিয়া বাজার এলাকার সড়কের পাশে এক ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা।
রুহুল আমিনের চাচা কাঞ্চন মিয়া গতকাল সকাল ১০টার দিকে বলেন, রুহুল আমিনের সন্ধান পাওয়ার কথা জানতে পেরে এখন তাঁরা গোপালগঞ্জে যাচ্ছেন।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নান্নু মোল্লা জানান, কারা এবং কেন রুহুল আমিনকে গোপালগঞ্জে নিয়ে গেল, তা এখনো স্পষ্ট করে জানা যায়নি।