হোসেনি দালানে হামলায় শনাক্ত তিন: ডিবি
পুরান ঢাকার হোসেনি দালানে গ্রেনেড হামলাকারী তিনজনকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। গাবতলীতে পুলিশের এএসআই ইব্রাহিম মোল্লা হত্যাকারী চক্রটিই হোসেনি দালানে হামলা চালিয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
গত ২৩ অক্টোবর গভীর রাতে তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় পুরান ঢাকার হোসেনি দালানে হাতে তৈরি গ্রেনেড দিয়ে হামলা চালানো হয়। এতে দুজন নিহত ও দেড় শতাধিক মানুষ আহত হয়। ওই গ্রেনেড হামলার আগের রাতে রাজধানীর গাবতলীতে এক ব্যক্তির ব্যাগ তল্লাশির সময় ছুরিকাঘাতে নিহত হন দারুস সালাম থানার এএসআই ইব্রাহিম মোল্লা। ওই ঘটনাস্থল থেকেই পুলিশ মাসুদ রানা বলে এক তরুণকে গ্রেপ্তার করে। মাসুদ রানার কাছ থেকে তথ্য নিয়ে ২৩ অক্টোবর ভোরে রাজধানীর কামরাঙ্গীরচরে একটি মেসে অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে। তাঁদের কাছ থেকে পাঁচটি হাতে তৈরি গ্রেনেড উদ্ধার করা হয়। সেই একই রকম গ্রেনেড দিয়ে ২৩ অক্টোবর রাতে হোসেনি দালানে হামলা চালানো হয় বলে জানিয়েছে ডিবি।
এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের একটি সূত্র জানায়, হোসেনি দালানে হামলার সঙ্গে একটি জঙ্গি দল জড়িত। ছোট ওই জঙ্গি দলটির সদস্য কয়েকজন উগ্রপন্থী তরুণ। এঁরা শনাক্ত হয়েছেন।
এ বিষয়ে গতকাল বুধবার ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন, হোসেনি দালানে হামলার ঘটনায় ঘটনাস্থলে উপস্থিত তিন হামলাকারীকে শনাক্ত করা হয়েছে। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। একজনের অবস্থানের বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া গেছে। এই হামলার আগে এএসআই ইব্রাহিম মোল্লা হত্যায় গ্রেপ্তার হওয়া মাসুদ রানাও পরিকল্পনাকারীদের একজন বলে জানা গেছে। তিনি অন্য পরিকল্পনাকারীদের বিষয়েও তথ্য দিয়েছেন। নিজেও আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এটা পরিষ্কার যে কামরাঙ্গীরচর থেকে যে গ্রেনেডগুলো উদ্ধার হয়েছে, সেই একই ধরনের গ্রেনেড হোসেনি দালানে ব্যবহৃত হয়েছে।