হোস্টেল ছাড়লেন ময়মনসিংহ নার্সিং কলেজের ছাত্রীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যক্ষ ও হোস্টেল তত্ত্বাবধায়কের (হাউসকিপার) অপসারণের দাবিতে আন্দোলনরত ময়মনসিংহ নার্সিং কলেজের ছাত্রীরা গতকাল মঙ্গলবার সকালে হোস্টেল ছেড়েছেন।
কলেজ ও শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, সোমবার দুপুরে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের বিকেল চারটার মধ্যে হোস্টেল ছাড়ার নির্দেশ দেয় কর্তৃপক্ষ। ওই সময়ের মধ্যে কলেজের ফ্লোরেন্স নাইটিঙ্গেল ও রহিমা খাতুন হোস্টেলের ছাত্রীরা হোস্টেল না ছাড়ায় পুলিশ দুটি হোস্টেলের শিক্ষার্থীদের লাঠিপেটা করে।
পরে গতকাল মঙ্গলবার সকাল ১০ টার মধ্যে ছাত্রীদের হোস্টেল ছাড়ার নির্দেশ দেওয়া হয়। ছাত্রীরা সকাল সাড়ে ১০টার মধ্যেই হোস্টেল ছেড়ে চলে যান।
অধ্যক্ষ মনোয়ারা খাতুন বলেন, আন্দোলন দমাতে আপাতত কলেজ ও হোস্টেল বন্ধ করে দেওয়া হয়েছে। পরে ভেবেচিন্তে সব বিষয়ের সুষ্ঠু সমাধান করা হবে।
দুটি ছাত্রীনিবাসের আসন বণ্টনে অধ্যক্ষ ও হোস্টেল তত্ত্বাবধায়কের বিরুদ্ধে বৈষম্য ও অব্যবস্থাপনার অভিযোগ এনে ওই দুজনের অপসারণের দাবিতে গত রোববার থেকে শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বর্জন করে আন্দোলনের ঘোষণা দেন।