হোস্টেল ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনার আশ্বাস, কর্মজীবী নারীরা রাস্তায়
বর্ধিত ভাড়া কমানোর দাবিতে কর্মজীবী মহিলা হোস্টেলের নারীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে হোস্টেল ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনার আশ্বাস দিয়েছে মহিলাবিষয়ক অধিদপ্তর। ঢাকার বাইরে অবস্থানরত মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি ঢাকায় ফিরলেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন অধিদপ্তরের কর্মকর্তারা।
মহিলাবিষয়ক অধিদপ্তরের পরিচালক (যুগ্ম সচিব) এ বি এম জাকির হোসাইন গতকাল বুধবার রাতে প্রথম আলোকে বলেন, হোস্টেলের বোর্ডারদের আন্দোলনের খবর পেয়ে তিনি এবং অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (উপসচিব) শাহনওয়াজ দিলরুবা খান বুধবার নীলক্ষেতে অবস্থিত কর্মজীবী মহিলা হোস্টেলের আন্দোলনরত নারীদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন। বৈঠকে ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনার আশ্বাসও দেওয়া হয়। তিনি জানান, এ বিষয়ে অধিদপ্তরের মহাপরিচালক সাহিন আহমেদ চৌধুরীর পক্ষ থেকে লিখিত একটি বিজ্ঞপ্তিতেও বিষয়টি জানিয়ে দেওয়া হয়। অধিদপ্তরের এ কর্মকর্তা আরও জানান, শনিবার প্রতিমন্ত্রী ঢাকায় ফেরার পর রোববার মন্ত্রণালয়ে এ-সংক্রান্ত বৈঠক হতে পারে। নির্দিষ্ট সময়ে ফি না দিলে জরিমানা আদায়ের বিধান রয়েছে, সেটিও নতুন সিদ্ধান্তের আগ পর্যন্ত স্থগিত থাকবে বলে জানান তিনি।
কর্মজীবী মহিলা হোস্টেলে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে গত মঙ্গলবার রাত ১০টার দিকে নারীরা হোস্টেল থেকে বের হয়ে রাস্তায় অবস্থান নেন। ভোর চারটা পর্যন্ত সড়ক অবরোধ করে তাঁরা হোস্টেলে ফিরে যান। এর মধ্যে অধিদপ্তরের পক্ষ থেকে তাঁদের সঙ্গে যোগাযোগ করা হয়। একাধিক সূত্র জানিয়েছে, সকালে প্রতিমন্ত্রীর বাসায় আলোচনার জন্য তাঁদের আমন্ত্রণ জানানো হলেও কর্মস্থলে যেতে হবে জানিয়ে অপারগতা জানান নারীরা। পরে অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন প্রতিমন্ত্রী।