হেয়ার রোডে ভোগান্তিতে পড়া রোগীর অস্ত্রোপচার হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঙ্গু হাসপাতালের মেঝেতে চিকিৎসা চলছে রিংকু ফরাজীর
পঙ্গু হাসপাতালের মেঝেতে চিকিৎসা চলছে রিংকু ফরাজীর

উল্টো পথে গাড়ি চলাচল ঠেকাতে বসানো প্রতিরোধযন্ত্রে অ্যাম্বুলেন্সের চার চাকা ফুটো হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়া রোগী রিংকু ফরাজীর (২৭) হাতে অস্ত্রোপচার হয়েছে৷ রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) গত বৃহস্পতিবার রাতে এই অস্ত্রোপচার হয়৷
পারিবারিক সূত্র জানায়, খুলনায় ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে রিংকু ফরাজী আহত হন৷ তাঁকে চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়ার সময় বৃহস্পতিবার সন্ধ্যায় যানজটের কারণে উল্টো পথে গিয়ে হেয়ার রোডে বসানো প্রতিরোধযন্ত্রে অ্যাম্বুলেন্সের চার চাকাই ফুটো হয়ে যায়৷ যন্ত্রণাকাতর রিংকুকে একপর্যায়ে বিকল ওই অ্যাম্বুলেন্স থেকে স্ট্রেচারে করে ফুটপাতে নামিয়ে আনেন স্বজনেরা৷ প্রায় পৌনে এক ঘণ্টা দুর্ভোগ পোহানোর পর আরেকটি অ্যাম্বুলেন্স জোগাড় করে তাঁরা পঙ্গু হাসপাতালে যান৷ খুলনার ওই অ্যাম্বুলেন্সচালক সোহেল রানা প্রতিরোধযন্ত্রের বিষয়টি জানতেন না৷
রিংকুর স্বজনেরা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে রিংকুকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসকেরা তাঁর প্রথম দফা অস্ত্রোপচার করেন। চিকিৎসকেরা জানান, তাঁর আরও কয়েকটি অস্ত্রোপচার করতে হবে।
গতকাল শুক্রবার দুপুরে পঙ্গু হাসপাতালে গিয়ে দেখা যায়, শয্যা না পাওয়ায় অস্ত্রোপচারকক্ষসংলগ্ন বারান্দার মেঝেতে রিংকু ফরাজী শুয়ে আছেন৷ তাঁর দুই হাতে ব্যান্ডেজ। মাথা-পায়েও আঘাতের চিহ্ন। পাশে থাকা তাঁর খালা রওশন আরা বলেন, খুলনা সদরের ফরাজীপাড়ায় রিংকুদের বাড়ি৷ তাঁর মা ছোটবেলায় মারা গেছেন৷ বাবা আহাদ ফরাজী ও বড় ভাই পিংকু ফরাজীর সঙ্গে থাকেন রিংকু। খুলনা সদরে পিংকুর ওষুধের দোকান আছে। ভাইয়ের সঙ্গে রিংকু ওই দোকানে বসেন৷
আহত হওয়ার কারণ জানতে চাইলে রিংকু ফরাজী প্রথম আলোকে বলেন, গত বুধবার সকালে খুলনার সরকারি আজম খান কমার্স কলেজ এলাকায় গেলে ছাত্রলীগের একটি পক্ষ তাঁদের ওপর হামলা চালায়।