হোটেল উচ্ছেদের সিদ্ধান্ত বদলের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবাসিক এলাকা থেকে হোটেল উচ্ছেদের সরকারি সিদ্ধান্ত পরিবর্তনের দাবি জানিয়েছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশন (বিহা)। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে হোটেল মালিকদের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধান করতে বলেছেন সংগঠনের নেতারা।
গতকাল রোববার গুলশানের একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে তারকা হোটেলের প্রতিনিধিরা অংশ নেন। লিখিত বক্তব্য পড়ে শোনান সংগঠনের সভাপতি এইচ এম হাকিম আলী।
লিখিত বক্তব্যে বলা হয়, গুলশান এলাকার নিরাপত্তা জোরদার করতে সরকার ও তারকা হোটেলের মালিকদের সমন্বয়ে যৌথ নিরাপত্তাবলয় গঠিত হলে তারকা হোটেলগুলো বন্ধের প্রয়োজন হবে না। সরকারের বিধি মেনে তারকা হোটেলের মালিকেরা ইতিমধ্যে নিরাপত্তা জোরদার করেছেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, প্রয়োজনের তাগিদে অভিজাত এলাকায় গড়ে ওঠা হোটেল উচ্ছেদ করা হলে পর্যটনশিল্প উন্নয়নে ও পর্যটকদের আস্থা অর্জনের ক্ষেত্রে বিরূপ প্রভাব ফেলবে। অভিজাত এলাকার হোটেলগুলোতে প্রতি রাতে কমপক্ষে তিন হাজার বিদেশি অতিথি থাকেন। প্রতিষ্ঠানগুলো থেকে সরকার মূল্য সংযোজন কর (ভ্যাট) ও অন্যান্য কর পাচ্ছে। বাণিজ্যিক হারে গ্যাস, বিদ্যুৎ, পানির বিল ও অন্যান্য শুল্ক আদায় করছে।
এইচ এম হাকিম আলী বলেন, এসব হোটেলে কোটি কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। ব্যাংকঋণ নেওয়া হয়েছে। অনুমতি ছাড়া কেউ এত টাকা বিনিয়োগ করত না। কয়েক মাস সময় দিয়ে উচ্ছেদ করলেই হবে না। সরকার সিদ্ধান্ত নেওয়ার আগে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করেনি।
সংগঠনের সহসভাপতি সাইদুল আলম বলেন, চলতি বছরকে পর্যটন বর্ষ হিসেবে ঘোষণা করেছে সরকার। এ অবস্থায় হোটেল উচ্ছেদের তোড়জোড় ঘোষিত নীতির পরিপন্থী। গুলশান হামলার পরে হোটেল ব্যবসা থমকে গেছে। গুলশান হামলার পরে পরিস্থিতি স্বাভাবিক না করে উল্টো ভীতি বাড়ানো হচ্ছে। এই মুহূর্তে হোটেল উচ্ছেদ হলে পর্যটক আসবে না, বিদেশি ক্রেতারাও আসবে না। গুলশান হামলার পরে হোটেল ব্যবসার বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাইলে আমারি ঢাকার মহাব্যবস্থাপক কেলি লুইস বলেন, হামলার পরের কয়েক দিন হোটেলের মোট ধারণক্ষমতার মাত্র ৫-১০ শতাংশ অতিথি ছিল। গতকাল রোববার আমারি ঢাকার অতিথি ছিল ধারণক্ষমতার মাত্র ২০ শতাংশ।
সম্প্রতি রাজধানীর বিভিন্ন আবাসিক এলাকায় গড়ে ওঠা বাণিজ্যিক প্রতিষ্ঠানের তালিকা করেছে রাজউক। এ তালিকা ধরে গত সোমবার থেকে এসব বাণিজ্যিক প্রতিষ্ঠান উচ্ছেদে বিশেষ অভিযান শুরু করা হয়েছে। তালিকায় গুলশান-বনানী-বারিধারা এলাকার ৫৫২টি বাণিজ্যিক প্রতিষ্ঠানের নাম রয়েছে। এর মধ্যে গুলশান এলাকার আবাসিক প্লটে হোটেল ও গেস্টহাউস আছে ৩৩টি। বার আছে ১৩টি। স্কুল ৩৯টি, কলেজ ২টি, বিশ্ববিদ্যালয় ২টি এবং হাসপাতাল ও মেডিকেল সেন্টার আছে ১৩টি।