হোটেল কর্মচারী ও গৃহবধূকে হত্যার অভিযোগ
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর বাজারে হোটেল কর্মচারী সুজন আলীকে (১৪) পিটিয়ে ও মাদারীপুর শহরের পূর্বরাস্তি এলাকায় গৃহবধূ শিমুল বেগমকে (২৩) শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।নিহত সুজন আলী নওগাঁ জেলার আত্রাই উপজেলার দদমবাড়ী গ্রামের খলিলুর রহমানের ছেলে। আর শিমুল বেগম মাদারীপুরের পূর্বরাস্তি গ্রামের দুবাই প্রবাসী সোহাগ মাতব্বরের স্ত্রী ও সদর উপজেলার ছয়না গ্রামের মজিবর আকনের মেয়ে। দৌলতপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে উপজেলার মথুরাপুর বাজারে আব্বাস হোটেলের দুই কর্মচারী সুজন আলী ও রাজন আলী থালা-বাসন ধোয়া নিয়ে বাগিবতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে রাজন রুটি তৈরি করার বেলন দিয়ে সুজনের মাথায় আঘাত করলে সে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে রাত ১১টার দিকে সে মারা যায়। এ ঘটনায় সুজনের মা মর্জিনা খাতুন বাদী হয়ে থানায় হত্যা মামলা করেছেন। মাদারীপুর সদর থানার ওসি মনিরুজ্জামান বলেন, গত সোমবার রাতে পূর্বরাস্তি গ্রামের বাড়িতে শিমুল বেগম একা ঘরে ছিলেন। পরের দিন বিছানায় তাঁর মৃত দেহ পাওয়া যায়। নিহত শিমুলের মুখমণ্ডলে রক্তের ছাপ ও গলায় একটি ওড়না পেঁচানো ছিল। শিমুল বেগমের ভাসুর হারুণ মাতব্বর ও জা রিণা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।