হোটেল থেকে তরুণের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ী শহরের একটি হোটেল থেকে গতকাল শনিবার কবির মিয়া (২৫) নামের এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। কবির জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কয়াবাকলা গ্রামের আবদুল কাদেরের ছেলে। হোটেলের ব্যবস্থাপক রতন কুমার সাহা বলেন, শুক্রবার রাত ১০টার দিকে রুবেল ও কবির মিয়া নামের দুই ব্যক্তি হোটেলের একটি কক্ষ ভাড়া নেন। গতকাল দুপুরের দিকে তিনি ওই কক্ষের কাছে এসে দেখেন, কক্ষটি বাইরে থেকে তালাবদ্ধ। পরে সাড়াশব্দ না পেয়ে তিনি পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে কক্ষের বিছানা থেকে লাশটি উদ্ধার করে। রাজবাড়ী সদর থানার উপপরিদর্শক (এসআই) ওয়াদুদ আলম বলেন, কবিরকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশটি ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।