রাজধানীর কাকরাইলে বাংলাদেশ স্কাউটসের জাতীয় সদর দপ্তর প্রাঙ্গণে পয়োবর্জ্য ফেলে পরিবেশদূষণের অপরাধে হোটেল বিজয়নগর নামের একটি আবাসিক হোটেলকে জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। স্কাউটস কর্তৃপক্ষের অভিযোগের পরিপ্রেক্ষিতে পরিবেশ অধিদপ্তরের একটি দল এ ঘটনা উদ্ঘাটনের পর অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী গতকাল অভিযান চালিয়ে হোটেল বিজয়নগরকে জরিমানা করেন। এ সময় তিনি হোটেলটির ব্যবস্থাপনা পরিচালককে দণ্ডিত করে চার লাখ ৬২ হাজার টাকা জরিমানা আদায় করেন এবং আগামী ৭২ ঘণ্টার মধ্যে পয়োবর্জ্য-ব্যবস্থা ত্রুটিমুক্ত করার নির্দেশ দেন।ঢাকায় ভোক্তা অধিকার সংরক্ষণের অভিযান: জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ লঙ্ঘনের কারণে গতকাল ঢাকার উত্তরখানে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ অভিযানে অধিদপ্তরের উপসচিব সৈয়দ আহমদ ছাপার নেতৃত্বে সোয়ালা মেগা শপকে সাত হাজার টাকা ও ফ্যামিলি ফুড সাপ্লাইকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। বিজ্ঞপ্তি।