হোটেল ব্যবস্থাপক খুন
চট্টগ্রাম নগরের খাতুনগঞ্জে একটি রেস্তোরাঁর ব্যবস্থাপককে ঘুমন্ত অবস্থায় দা দিয়ে কুপিয়ে খুন করেছে ওই হোটেলে কর্মরত এক কিশোর। গতকাল বৃহস্পতিবার ভোরে খাতুনগঞ্জের মদিনা হোটেল রেস্টুরেন্ট অ্যান্ড বিরিয়ানি হাউসে এ খুনের ঘটনা ঘটে।নিহত হোটেল ব্যবস্থাপকের নাম মো. নাছির (৪২)। তিনি বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের হাজিগাঁও গ্রামের মৃত সৈয়দ নুরুল হুদার ছেলে। গতকাল বৃহস্পতিবার সকালে পুলিশ হোটেল থেকে লাশ উদ্ধার করে। খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গতকাল সকালে কিশোর রমজানকে (১৫) হোটেল থেকে গ্রেপ্তার করে পুলিশ। রমজান পাবনা জেলার স্থায়ী বাসিন্দা। খুনের ঘটনায় ব্যবহূত দা পুলিশ উদ্ধার করেছে।নগরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিন বলেন, ‘গ্রেপ্তার রমজান দাবি করেছে, তাকে অনৈতিক প্রস্তাব দেওয়ায় ক্ষুব্ধ হয়ে সে কুপিয়ে নাছিরকে খুন করেছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন আছে। তবে আমরা হোটেলের ক্যাশ বাক্সও তছনছ অবস্থায় পেয়েছি। খুনের মূল কারণ জানতে অনুসন্ধান চলছে।’ এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে নগরের কোতোয়ালি থানায় একটি মামলা করেছেন।