হোটেল বয়কে হত্যার দায়ে পর্যটকের মৃত্যুদণ্ড
বাগেরহাটের মংলায় এক হোটেল বয়কে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার দায়ে মো. সোলায়মান (৩৫) নামের এক পর্যটককে মৃত্যুদণ্ড দিয়েছেন বাগেরহাটের একটি আদালত।
আজ বুধবার দুপুরে বাগেরহাট জেলা ও দায়রা জজ এস এম সোলায়মান আসামির অনুপস্থিতিতে ওই রায় ঘোষণা করেন। মো. সোলায়মান নোয়াখালী জেলার কমলগঞ্জ উপজেলার মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা।
নিহত মো. আল আমিন (১৮) বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ভাটখালী গ্রামের মো. দেলোয়ার হোসেনের ছেলে। তিনি মংলা পোর্ট পৌরসভার আবদুল হাই সড়কে অবস্থিত আবাসিক হোটেল সিঙ্গাপুরে ওয়ার্ড বয় হিসেবে কর্মরত ছিলেন। তিনি মংলার বালুরমাঠ এলাকায় বসবাস করতেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি শেখ মোহাম্মদ আলী বলেন, ২০০৭ সালের ৫ আগস্ট মো. সোলায়মান সাত-আটজনকে সঙ্গে নিয়ে সুন্দরবনে ঘুরতে আসেন। এ সময় তিনি মংলা পোর্ট পৌরসভার আবাসিক হোটেল সিঙ্গাপুরে ওঠেন। ৭ আগস্ট গভীর রাতে হোটেল বয় আল আমিনকে মারধর করে তোয়ালে পেঁচিয়ে তাঁকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ বাথরুমে ফেলে হোটেলের আলমারি ভেঙে নগদ ৪০ হাজার টাকা নিয়ে পালিয়ে যান। পরদিন তাঁর লাশ উদ্ধার করা হয়।
এই ঘটনায় হোটেলের ব্যবস্থাপক মোসলেম উদ্দিন হাওলাদার বাদী হয়ে মো. সোলায়মানসহ পাঁচজনের বিরুদ্ধে মংলা থানায় একটি হত্যা মামলা করেন। মংলা থানার তত্কালীন উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা মো. মুনছুর রহমান ২০০৮ সালের ২৯ ফেব্রুয়ারি মো. সোলায়মানের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বিচারক নয়জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে এই রায় ঘোষণা করেন।