হোটেল মালিকদের রাজস্ব পরিশোধের তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যাট চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. জামাল হোসেন বলেছেন, পর্যটন মৌসুমে কক্সবাজারে লাখ লাখ মানুষ ভ্রমণে আসছেন। কিন্তু সরকার আশানুরূপ রাজস্ব পাচ্ছে না। তাই রাজস্ব পরিশোধে হোটেল, মোটেল ও গেস্টহাউসের মালিকদের আন্তরিক হতে হবে। গতকাল রোববার সকালে কক্সবাজার সমুদ্রসৈকতের তারকা হোটেল সি-গালের সম্মেলনকক্ষে ব্যবসায়ী ও হোটেল মালিক কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ব্যবসায়ীরা বলেন, গত বছর কক্সবাজারে বিপুলসংখ্যক পর্যটকের আগমন ঘটেছিল। এতে প্রায় পাঁচ কোটি টাকার রাজস্ব পরিশোধ করা হয়েছিল। কিন্তু এবার নানা কারণে কক্সবাজারে তেমন পর্যটক আসছেন না। ফলে রাজস্ব আয়ও কম হচ্ছে। কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যাট কক্সবাজারের বিভাগীয় কর্মকর্তা এস এম এ হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় বক্তৃতা করেন হোটেল সি-গালের স্বত্বাধিকারী মাসুম ইকবাল, কক্সবাজার হোটেল মোটেল গেস্টহাউস মালিক সমিতির সভাপতি ওমর সুলতান, কক্সবাজার রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার, কক্সবাজার দোকান মালিক সমিতির সভাপতি মোস্তাক আহমদ প্রমুখ। আবুল কাশেম সিকদার বলেন, রামুর বৌদ্ধপল্লিতে হামলার ঘটনায় গণমাধ্যমে ব্যাপক প্রচার, খারাপ যোগাযোগব্যবস্থা, হরতাল ও রাজনৈতিক অস্থিরতাসহ নানা কারণে চলতি মৌসুমে কক্সবাজারে পর্যটকের তেমন আগমন ঘটছে না।