হোটেল লবিতে ছেলেকে জড়িয়ে ধরে কাঁদলেন খালেদা জিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আড়াই বছরের বেশি সময় পর যুক্তরাজ্যে ছেলে তারেক রহমানের সঙ্গে দেখা হলো বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার।খালেদা জিয়া শনিবার রাতে লন্ডনে পৌঁছান। মায়ের আসার অপেক্ষায় মধ্য লন্ডনে গ্রভনর হাউসে ম্যারিয়ট হোটেলের লবিতে বসে ছিলেন তারেক। আর হোটেলে ঢুকতেই লবিতে ছেলেকে জড়িয়ে ধরে কাঁদলেন খালেদা জিয়া।খালেদার সফরসঙ্গীরা জানান, মা-ছেলের মিলনে তখন এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। দুজনের চোখেই ছিল পানি। এ সময় তারেকের স্ত্রী জোবায়দা রহমান ও মেয়ে জাইমা রহমানও উপস্থিত ছিলেন।বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর জামিন নিয়ে চিকিৎসার জন্য স্ত্রী-সন্তানসহ লন্ডনে যান তারেক রহমান। সেটাই ছিলো মা-ছেলের শেষ দেখা। এরপর কেবল টেলিফোনে তাঁদের মধ্যে কথা হয়েছে। খালেদা জিয়া ২১ মে পর্যন্ত লন্ডনে অবস্থান করবেন। সেখান থেকে তিনি যুক্তরাষ্ট্রে যাবেন। ২৯ মে তাঁর দেশে ফেরার কথা রয়েছে।এর আগে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া গত শনিবার বাংলাদেশ সময় রাত দুইটায় রাতে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান। তাঁকে সেখানে স্বাগত জানান যুক্তরাজ্য বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মিয়া মনিরুল আলম ও সাধারণ সম্পাদক এম এ সালাম। বিমানবন্দর থেকে থেকে খালেদা জিয়া চলে যান মধ্য লন্ডনের ওই হোটেলে।গত রাতে এ প্রতিবেদন লেখার সময় (বাংলাদেশ সময় রাত ১০টা) ম্যারিয়ট হোটেলে বিএনপির এক কর্মীসভায় যোগ দেন খালেদা জিয়া।বিমানবন্দরে বিশৃঙ্খলা: লন্ডনে কর্মরত প্রত্যক্ষদর্শী এক বাংলাদেশি সাংবাদিক টেলিফোনে প্রথম আলোকে বলেন, খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে হিথ্রো বিমানবন্দরের আগমনী লাউঞ্জে বিএনপির নেতা-কর্মীরা জড়ো হন। একই স্থানে স্থানীয় আওয়ামী লীগের কর্মীরা জড়ো হন ‘দেশবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে’ খালেদা জিয়াকে কালো পতাকা প্রদর্শন করতে।লন্ডন পুলিশ আওয়ামী লীগের সমর্থকদের বিমানবন্দরের ভেতর প্রতিবাদ কর্মসূচি পালন করতে নিষেধ করে। তখন তাঁরা বিমানবন্দরের বাইরে গিয়ে খালেদার যাওয়ার পথে দাঁড়িয়ে কালো পতাকা প্রদর্শন করেন।খালেদা জিয়া চলে গেলে যাওয়ার পর বিএনপির এক কর্মী আওয়ামী লীগের ব্যানার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। তখন লন্ডন পুলিশ ঘটনাস্থল থেকে বিএনপির দুজন কর্মীকে গ্রেপ্তার করে।