হোটেল সি-ক্রাউনসহ সাতটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার সমুদ্রসৈকত থেকে বালু উত্তোলন করে মাটি ভরাট এবং রাস্তা নির্মাণ ও অবকাঠামো নির্মাণের অভিযোগে হোটেল সি-ক্রাউনসহ সাতটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হয়েছে।পরিবেশবাদী সংগঠন কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের পক্ষ থেকে গতকাল সোমবার রাত আটটায় কক্সবাজার সদর মডেল থানায় এ মামলা করা হয়। হোটেল সি-ক্রাউন, বিচ হোটেল অ্যান্ড রিসোর্ট, হোটেল বে প্যারাডাইস, কক্স টাইটানিক হোটেল, টাইটানিক ইরা, সি ওয়েব ও ফকির গ্রুপের বিরুদ্ধে এই মামলা করা হয়। তবে এজাহারে প্রতিষ্ঠানগুলোর মালিকদের নাম উল্লেখ করা হয়নি।মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, কলাতলী থেকে সুগন্ধা পয়েন্ট পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার সমুদ্রসৈকত থেকে মেশিনের মাধ্যমে বালু উত্তোলন করে একাধিক প্রতিষ্ঠান রাস্তা, সীমানাপ্রাচীর ও হোটেল-মোটেল তৈরির জন্য সরকারি জমি ভরাট করে আসছে। এ কারণে সৈকতের কলাতলী, সুগন্ধা, লাবণী ও ডায়াবেটিকস হাসপাতাল পয়েন্টে পাঁচ-ছয়টি গুপ্তখালের সৃষ্টি হয়েছে।জানতে চাইলে মামলার বাদী কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল বলেন, দীর্ঘ সময় ধরে ওই সাতটি প্রতিষ্ঠান সৈকত দখল করে এবং সৈকত থেকে বালু উত্তোলন করে হোটেল-মোটেল তৈরির পরিকল্পনা করছে। যদিও সমুদ্রসৈকত এলাকায় অবকাঠামো নির্মাণে হাইকোর্টের নিষেধাজ্ঞা রয়েছে। ইব্রাহিম খলিল আরও বলেন, ‘আমরা দীর্ঘ সময় ধরে এসব বন্ধের দাবিতে আন্দোলন-সংগ্রাম করে আসছি। কিন্তু প্রশাসনের কতিপয় কর্মকর্তার যোগসাজশে প্রভাবশালী ব্যক্তিরা এই অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। পর্যটন শহর কক্সবাজারের পরিবেশ-প্রতিবেশ ও সৌন্দর্য রক্ষার স্বার্থে আমরা এই মামলা করেছি।’ পুলিশ ও সৈকতে পর্যটকদের উদ্ধারত ৎ পরতায় নিয়োজিত ইয়াছির লাইফ গার্ড স্টেশনের ডুবুরিরা জানান, গত ২৯ জুলাই কলাতলীতে সি-ক্রাউন হোটেলের পাশে গুপ্তখালে আটকা পড়ে ক্লোজআপ ওয়ান তারকা আবিদ শাহরিয়ার এবং মোস্তাকিন ও আশিকের করুণ মৃত্যু হয়। এর তিন দিন আগে সি-গাল ও লাবণী পয়েন্টে সৃষ্ট গুপ্তখালে আটকা পড়ে মারা যান ঢাকার আরও দুই কলেজছাত্র। গত ১০ বছরে সমুদ্রসৈকতে গোসল করতে নেমে ভাটার টান ও গুপ্তখালে আটকা পড়ে ৮৪ পর্যটকের মৃত্যু হয়। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়েছে অন্তত এক হাজার নারী-পুরুষকে। কক্সবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল হক সাতটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা হওয়ার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে জানান, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। ওসি আরও জানান, গত রোববার বিকেলে সমুদ্রসৈকতের কলাতলী পয়েন্ট থেকে বালু উত্তোলনের সময় পুলিশ ফকির গ্রুপের কর্মচারী কামাল হোসেনকে (২৫) গ্রেপ্তার করে। এ সময় আরও কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়। গতকাল বিকেলে আদালতে হাজির করে কামাল হোসেনকে পাঁচ দিনের রিমান্ডে আনা হয়েছে। কক্সবাজারে সদ্য যোগদানকারী পুলিশ সুপার সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর প্রথম আলোকে বলেন, সৈকতে বালু উত্তোলন, অবৈধ দখল ও পাহাড় কাটার বিরুদ্ধে পুলিশ সাঁড়াশি অভিযান চালাচ্ছে।