হোটেলকক্ষে নারী খুন ম্যানেজারসহ আটক ৩
সিলেটের দক্ষিণ সুরমার একটি আবাসিক হোটেলকক্ষে একজন নারী খুন হয়েছেন। দুর্বৃত্তরা তাঁর পেটে একাধিক ছুরিকাঘাতে খুন করে পালায়। গত রোববার রাতে এ ঘটনা ঘটে। খুনি শনাক্ত করতে পুলিশ ওই হোটেলের ম্যানেজারসহ তিন কর্মচারীকে আটক করেছে।পুলিশ সূত্র জানায়, দক্ষিণ সুরমার বাবনা মোড়ে আবাসিক হোটেল ‘আগমন’-এর ৩৭ নম্বর কক্ষে একজন নারী রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে বলে রোববার রাত আটটায় পুলিশে খবর দেওয়া হয়। দক্ষিণ সুরমা থানার একদল পুলিশ খবর পেয়ে সেখানে গিয়ে কক্ষে নারীর মরদেহ পড়ে থাকতে দেখে। তাঁর তলপেটে ছুরির দুটি আঘাত ও শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন পাওয়া যায়। পুলিশ রাত ১২টায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। আবাসিক হোটেলের রেজিস্টারের বরাত দিয়ে পুলিশ জানায়, সুলতানা বেগম (২৬) নামের ওই নারী একজন পুরুষ সঙ্গী নিয়ে রোববার সকালে হোটেলকক্ষে ওঠেন। সঙ্গে থাকা লোকটির নাম রাজা মিয়া, হোটেল রেজিস্টারে সুলতানার স্বামী হিসেবে উল্লেখ করা হয়েছে।পুলিশের ধারণা, ওই লোকটি সুলতানাকে খুন করে পালিয়ে গেছে। তাঁর পরিচয় ও অবস্থান জানতে হোটেলের ব্যবস্থাপক জাহেদ আহমদসহ ফয়সল ও হবিব নামের দুই হোটেল কর্মচারীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) সোহেল রানা প্রথম আলোকে বলেন, সুলতানা বেগমের সঙ্গে থাকা একটি ব্যাগ থেকে তাঁর ভোটার আইডি কার্ড পাওয়া গেছে। তবে ভোটার আইডিতে সুলতানার স্বামী মৃত বলে উল্লেখ রয়েছে। এতে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সুলতানার সঙ্গে থাকা রাজা মিয়া নামের লোকটি তাঁকে প্ররোচিত করে হোটেলে এনে খুন করে। ভোটার আইডি কার্ডে সিলেটের জকিগঞ্জ উপজেলার ছত্রিশ ব্রাহ্মণ গ্রামে সুলতানার বাড়ি। পুলিশ গতকাল সোমবার সুলতানার গ্রামের বাড়িতে খবর পাঠিয়েছে বলে থানা সূত্র জানায়।