হোটেল কক্ষে পুলিশ কর্মকর্তার মরদেহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের একটি হোটেলের কক্ষ থেকে মো. শহীদুজ্জামান আনসারী (৫৭) নামের এক পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের কেন্দ্রীয় বাসস্ট্যান্ড–সংলগ্ন আল-আমিন হোটেলের একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ঘুমের মধ্যে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর মৃত্য হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
শহীদুজ্জামান আনসারী উপপরিদর্শক (এসআই) হিসেবে বাগেরহাট আদালতে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি গোপালগঞ্জ জেলা সদরের করপাড়া গ্রামে।
১৯৭৯ সালে কনস্টেবল পদে পুলিশ বাহিনীতে যোগ দেন তিনি।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন বলেন, ২০১৪ সাল থেকে বাগেরহাটে দায়িত্ব পালন করছেন তিনি। তখন থেকেই বাগেরহাটের ওই আসাসিক হোটেলের দ্বিতীয় তলার ১২ নম্বর কক্ষে থাকতেন শহীদুজ্জামান আনসারী। সকালে তিনি তাঁর কার্যালয়ে না যাওয়ায় আদালতের পুলিশ পরিদর্শক বারবার ফোন দিতে থাকেন। তিনি ফোন রিসিভ না করায় আদালতের পরিদর্শক তাঁকে খুঁজতে হোটেলে পুলিশ পাঠান।
হোটেল আল-আমিনের ম্যানেজার এমাদুল হক বলেন, শনিবার রাত সাড়ে ১০টার দিকে খাওয়াদাওয়া শেষে শহীদুজ্জামান তাঁর কক্ষে ঘুমাতে যান। সকালে পুলিশ সদস্যরা তাঁকে ডাকতে হোটেলে আসেন। অনেক ডাকাডাকির পরেও দরজা না খোলায় কক্ষের দরজা ভেঙে ভেতরে ঢুকে তাঁকে বিছানায় দেখতে পান।
ওসি বলেন, প্রায় এক মাস আগে তাঁর স্ত্রী আসমা পারভীন শিমু সড়ক দুর্ঘটনায় মারা যান। এরপর থেকে তিনি একধরনের মানসিক চাপে ছিলেন বলে জানান ওই পুলিশ কর্মকর্তা। তাঁর মালিহা মেহবুবা নামের ১৫ বছর বয়সী একটি মেয়ে রয়েছে।
ওসি আরও বলেন, ঘুমের মধ্যেই তাঁর মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। মৃত্যুর কারণ জানতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বাগেরহাট পুলিশ লাইনসে জানাজা শেষে তাঁর মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হবে।