হোটেলশ্রমিকদের নিম্নতম মজুরি ঘোষণারদাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজারদরের সঙ্গে সংগতিপূর্ণ নিম্নতম মজুরি ঘোষণা, আট ঘণ্টা কর্মদিবসসহ বিভিন্ন দাবিতে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন। গত শনিবার সন্ধ্যায় সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজার শহরের চৌমোহনা এলাকায় অবস্থিত কার্যালয় থেকে এই মিছিল বের করা হয়।

মিছিলটি শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। মিছিল শেষে চৌমোহনা চত্বরে মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. মোস্তফা কামালের সভাপতিত্বে সমাবেশ হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি কবি শহীদ সাগ্নিক, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ জেলা কমিটির সাধারণ সম্পাদক রজত বিশ্বাস। অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এখলাছুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহিন মিয়া প্রমুখ। অন্যান্য দাবির মধ্যে রয়েছে হোটেলশ্রমিকদের নিয়োগপত্র ও পরিচয়পত্র প্রদান, হোটেল খাতে শ্রম আইন বাস্তবায়ন, বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির সঙ্গে সম্পাদিত চুক্তি বাস্তবায়ন, শ্রমিকদের জন্য রেশনিং চালু ও মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্থায়ী শ্রম আদালত প্রতিষ্ঠা।