হোটেলে ঢুকে গুলি, মহাব্যবস্থাপক আহত, সন্ত্রাসী গ্রেপ্তার
রাজধানীর বনানী এলাকায় গতকাল বুধবার রাতে হোটেলের মহাব্যবস্থাপককে গুলি করে পালানোর সময় পুলিশের গুলিতে আবু বকর সিদ্দিক (২৮) নামের এক সন্ত্রাসী আহত হয়েছেন। পুলিশ আহত অবস্থায় সিদ্দিককে গ্রেপ্তার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। পুলিশ সূত্র জানায়, রাত পৌনে ১০টার দিকে সন্ত্রাসী সিদ্দিক বনানী এলাকার আবাসিক হোটেল কাকলিতে ঢোকেন। ওই সন্ত্রাসী হোটেলের মহাব্যবস্থাপক (জিএম) মোহাম্মদ আলম (৩৫) গুলি করে পালানোর চেষ্টা করেন। আলমের পেট, হাত, ঊরু ও বাঁ হাতের তালুতে চারটি গুলি লাগে। এ সময় হোটেলের কর্মীরা সন্ত্রাসীর পিছু ধাওয়া করে। একপর্যায়ে টহল পুলিশ ওই সন্ত্রাসীকে ধাওয়া দিলে সে পুলিশের প্রতি গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। এতে সিদ্দিকের হাঁটুতে গুলি লাগে। পুলিশ আহত সন্ত্রাসী সিদ্দিককে গ্রেপ্তার করে তাঁর কাছ থেকে পাঁচটি গুলিসহ একটি রিভলবার উদ্ধার করে। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। টহল পুলিশের উপপরিদর্শক (এসআই) আবদুল মতিন প্রথম আলোকে জানান, সন্ত্রাসী সিদ্দিকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। আহত মহাব্যবস্থাপক আলমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন আলম সাংবাদিকদের জানান, সিদ্দিক তাঁর কাছ থেকে ১২ হাজার টাকা ও একটি মোবাইল ফোনসেট নিয়ে যান। চাপাতির কোপে ব্যবসায়ী আহত: গতকাল রাত সাড়ে আটটার দিকে মহসিন নামের এক যুবক বাড্ডার খিলবাড়িরটেকে একটি লন্ড্রির দোকানে বসে ছিলেন। একপর্যায়ে ১০-১২ জন সন্ত্রাসী মহসিনকে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। তাঁকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন মহসিন জানান, পূর্বশত্রুতার জের ধরে হামলা চালানো হয়। শ্যামবাজারে দোকানে ছিনতাইপুরান ঢাকার শ্যামবাজারে গতকাল বুধবার একটি পেঁয়াজ-রসুনের দোকানে ছিনতাই হয়েছে। ছিনতাইকারীরা ওই প্রতিষ্ঠান থেকে নগদ দুই লাখ ৬০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে। সূত্রাপুর থানার উপপরিদর্শক (এসআই) ওয়ালিদ মাহমুদ প্রথম আলোকে জানান, বিকেল চারটার দিকে দুই ছিনতাইকারী কাউকে খোঁজার অজুহাতে ১৫/৩ ফরাশগঞ্জ লেনের মেসার্স খান এন্টারপ্রাইজে ঢোকে। কিছুক্ষণ পর আরও দুই ছিনতাইকারী ঢোকে। তখন ছিনতাইকারীরা ক্যাশবাক্সের চাবি চায়। চাবি না পেয়ে টাকার বাক্সের কাছে বসে থাকা কর্মচারীকে চড়-থাপড় মেরে চাবি ছিনিয়ে নেয়। পরে তারা বাক্স থেকে দুই লাখ ৬০ হাজার টাকা নিয়ে চলে যায়।এসআই আরও জানান, প্রতিষ্ঠানের মালিক মোস্তফা বুলবুল খাওয়ার জন্য বাসায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। ওই সময় ছিনতাইকারীরা কৌশলে ওই প্রতিষ্ঠানে ঢুকে পড়ে। এ ব্যাপারে থানায় এখনো কোনো মামলা হয়নি। চাঁদা না পেয়ে ঠিকাদারকে গুলি রাজধানীর গোপীবাগে চাঁদা না পেয়ে সন্ত্রাসীরা গতকাল বুধবার আশরাফ হোসেন (৩৫) নামের নির্মাণ ঠিকাদারকে গুলি করে আহত করেছে। গুরুতর অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে গোপীবাগে কয়েকজন সন্ত্রাসী নির্মাণাধীন শাহজালাল অ্যাপার্টমেন্টে ঢুকে এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যায়। এতে ভবনটির সহ-ঠিকাদার আশরাফের বুকের ডান দিকে গুলি লাগে। রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়। ভবনটির প্রকৌশলী জাকির হোসেন বলেন, গত মঙ্গলবার ইদুল নামের সন্ত্রাসী ১০ লাখ টাকা চাঁদা চায়। চাঁদার জন্য বুধবার সকাল সাড়ে ১১টা পর্যন্ত সময়সীমা বেঁধে দেয়। এ সময়ের মধ্যে টাকা দেওয়া না হলে কাজ বন্ধ করে দেওয়ার হুমকি দেয়। চাঁদা না পেয়েই সন্ত্রাসীরা এ হামলা চালায়।