হোটেলের বাঁশিওয়ালা

মন যদি ভেঙে যায় যাক, যাক, কিছু বলব না...বাঁশিতে এই গানটির সুর তুলছেন লুৎফর রহমান। সেই সুরে বিমোহিত রাজধানীর পাঁচ তারকা হোটেল সোনারগাঁওয়ে আসা অতিথিরা। দোতলার সিঁড়ি দিয়ে ওপরে উঠতে উঠতে থমকে দাঁড়াচ্ছেন কেউ। তারপর নিজের মনে গুনগুন করতে করতে চলে যাচ্ছেন আপন কাজে।
গতকাল রোববার সকালে হোটেলে ঢুকেই কানে এল মিষ্টি বাঁশির সুর। একটি সুর শেষ হলে শুরু হয় আরেকটি। শুধু গতকাল নয়, লুৎফর রহমান প্রায় ১০ বছরের বেশি সময় ধরে সিঁড়ির কাছে ব্যালকনিতে বসে বাঁশি বাজান। হোটেলটির বেতনভুক্ত বংশীবাদক তিনি। কোনো কোনো দিন বিকেলে কোনো কোনো প্রতিষ্ঠান বা সংস্থার ডাক আসে বাঁশি বাজানোর জন্য। তখন তাদের জন্যও বাজান।
পায়া লাগানো খয়েরি রঙের রাজকীয় কারুকাজ করা একটি ছোট পালঙ্ক। তাতে ঝলমলে মখমলের কাপড়ে ঢাকা পাশবালিশ। পালঙ্কের দুই পাশেও বড় দুটি বসার জায়গা। পালঙ্কের পেছনের দেয়াল কারুকাজ করা। এ দেয়ালেই অনেকটা হেলান দিয়ে লুৎফর রহমান আপনমনে বাঁশি বাজিয়ে চলেন। এই বংশীবাদকের বয়স প্রায় ৬২ বছর। লুৎফর রহমানের সঙ্গে কথা বলতে চাইলে খুব একটা আপত্তি করলেন না। তিনি হাসিমুখেই জানালেন তাঁর বংশীবাদক হওয়ার গল্প।
লুৎফর রহমান বলেন, ‘হোটেল কর্তৃপক্ষ পত্রিকায় বংশীবাদক চেয়ে বিজ্ঞাপন দেয়। তা দেখে অন্যদের সঙ্গে আমিও ইন্টারভিউ দিই। আমিই প্রথম হই। তারপর থেকে বাজিয়েই যাচ্ছি।’ তবে নিজেই যোগ করলেন, ‘আমি তো আর টেপরেকর্ডার না। তাই বাজানোর মাঝে মাঝে একটু বিরতি তো নিতেই হয়।’
লুৎফর রহমান এখানে কাজ শুরুর আগে কাতার এবং ভারতেও বাঁশি বাজানোর কাজ করেছেন। ইংরেজি ভাষাটার পাশাপাশি হিন্দি, উর্দু এবং আরবিও জানেন তিনি। বিদেশি অতিথিরা বিভিন্ন ভাষার গানের সুরে বাঁশি বাজাতে অনুরোধ করলে তা খুশিমনেই বাজিয়ে শোনান।
স্ত্রী জ্যোৎস্না রহমান তাঁর এই বাঁশি বাজানোর কাজে উৎসাহ দেন বলেই জানালেন লুৎফর রহমান। দুই ছেলের মধ্যে ছোট ছেলেও মাঝে মাঝে বাবার সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে গিটার বাজান। বড় ছেলে, ছেলের বউ ও নাতনি নিয়ে লুৎফর রহমানের সংসার।
প্রতিদিন সকাল এবং দুপুরে হোটেলের খাবার খান লুৎফর রহমান। একদিন হোটেল কর্তৃপক্ষের অনুমতি নিয়ে পরিবারের সব সদস্যকে নিয়ে এসেছিলেন। লুৎফর রহমান প্রতিদিন এ ধরনের খাবার খান দেখে পরিবারের সবাই খুব অবাকও হয়েছিলেন।
আর কত দিন বাঁশি বাজাবেন জানতে চাইলে লুৎফর রহমান বলেন, ‘শরীর-স্বাস্থ্য যত দিন ভালো থাকবে, তত দিনই বাজাব। হোটেলের অতিথিরা ঘুরে ঘুরে আমাকে দেখে, বাজনা পছন্দ করে, তখন অনেক ভালো লাগে।’