ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গত মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে র্যাব দুই ব্যক্তিকে আটক করেছে। এঁরা হলেন শাহীনুর আলম (৪৩) ও মহিউদ্দিন ওরফে মদন (৪১)।
র্যাবের দাবি, মহিউদ্দিন চিরকুট পাঠিয়ে চাঁদা দাবি ও চাঁদা না পেয়ে বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার হোতা। তবে শাহীনুরের পরিবারের অভিযোগ, ষড়যন্ত্রমূলকভাবে ঘটনার ‘হোতা’ সাজিয়ে শাহীনুরকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাবের ভাষ্যমতে, মঙ্গলবার রাতে র্যাব-১৪-এর একটি দল অভিযান চালিয়ে উপজেলা সদর থেকে উপজেলার বগডহর গ্রামের মহিউদ্দিনকে আটক করে। পরে মহিউদ্দিনের স্বীকারোক্তি অনুযায়ী বগডহর গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের রহিছ মেম্বারের ছেলে শাহীনুরকে গ্রেপ্তার করা হয়।
রাতভর ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের গতকাল বুধবার নবীনগর থানায় হস্তান্তর করা হয়।
সাংবাদিকদের কাছে পাঠানো র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শাহীনুরই এ অপরাধ চক্রের হোতা ও মূল পরিকল্পনাকারী। এ ছাড়া ফোনে চাঁদা দাবি ও বিভিন্ন বাড়িতে অগ্নিসংযোগে জড়িত একই গ্রামের মো. সোহেল ও নবীনগর বাজারের পাহারাদার খাজানগরের তারু মিয়াকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
শাহীনুরের চাচাতো ভাই নবীনগর পূর্ব ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খায়ের বারী জানান, মহিউদ্দিন চিহ্নিত অপরাধী। বিভিন্ন অপকর্মে জড়িত থাকার অভিযোগে তাঁকে কয়েক বছর আগে গ্রাম থেকে বের করে দেওয়া হয়। ওই ঘটনার প্রতিশোধ নিতেই মহিউদ্দিন পরিকল্পিতভাবে ও ষড়যন্ত্রমূলকভাবে এ ঘটনার ‘হোতা’ হিসেবে শাহীনুরের নাম র্যাবকে বলেছেন।
এ বিষয়ে র্যাব-১৪-এর অধিনায়ক মেজর সাকিবের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অধীন কর্মকর্তার সঙ্গে কথা বলতে বলেন।