হোতারা আটক হয়নি এখনো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বালাগঞ্জের গোয়ালাবাজারে চোলাই মদ পানে ১০ জনের মৃত্যুর ঘটনার মূল তিন হোতা এমরান মিয়া, সোহেল মিয়া ও মধু মিয়াকে এখনো আটক করতে পারেনি পুলিশ। এই তিনজন গত বৃহস্পতিবার রাতে গোয়ালাবাজারের মাদকসেবীদের চোলাই মদ সরবরাহ করেন। এমনকি অনেকের বাড়িতে গিয়েও বিষাক্ত এই মদ দিয়ে আসেন তাঁরা।নাম প্রকাশ না করে এলাকার একাধিক বাসিন্দা জানান, একটি চক্র দীর্ঘদিন ধরে গোয়ালাবাজারে মাদক ব্যবসা চালিয়ে আসছে। কিন্তু পুলিশ তেমন কোনো ব্যবস্থা নেয়নি। তবে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মলেন্দু চক্রবর্তী বলেন, মাদকের ব্যাপারে ছাড় দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। ওই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। মূল হোতাদের ধরার আপ্রাণ চেষ্টা চলছে।মামলার তদন্ত কর্মকর্তা বালাগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) হারুনুর রশিদ জানান, মদ্যপানে নিহত চিত্তরঞ্জন দাসের বাড়ি থেকে গত সোমবার রাতে পুলিশ দুটি বোতল জব্দ করেছে। রাসায়নিক পরীক্ষার জন্য বোতল দুটি ঢাকায় পাঠানো হয়েছে। একই রাতে ওই ঘটনায় উপজেলার পালপাড়া থেকে বাদশা মিয়া নামের একজনকে আটক করে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।মদ্যপানে ১০ জনের অকালমৃত্যুর ঘটনায় অবশেষে টনক নড়েছে পুলিশসহ সংশ্লিষ্ট প্রশাসনের। আইনি পদক্ষেপের পাশাপাশি মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে মাদকবিরোধী সমাবেশ করেছে পুলিশ। গত রোববার গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সমাবেশের প্রধান অতিথি স্থানীয় সাংসদ শফিকুর রহমান চৌধুরী পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। সভায় আগামী ১৫ দিনের মধ্যে ওসমানীনগর থানা এলাকা থেকে মাদক নির্মূলের প্রতিশ্রুতি দেন সিলেটের পুলিশ সুপার শাখাওয়াত হোসাইন।সমাবেশে বক্তব্য দেন সিলেটের জেলা প্রশাসক আবু সৈয়দ মোহাম্মদ হাশিম, সিলেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক পরিতোষ কুমার কুণ্ডু, বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল আলম, ওসমানীনগর থানা আওয়ামী লীগের সভাপতি কবির উদ্দিন ও সাধারণ সম্পাদক আব্দাল মিয়া, ইউপি চেয়ারম্যান সৈয়দ কওছর আহমদ, হারুন মিয়া, গোয়ালাবাজার পরিচালনা কমিটির সহসভাপতি আব্দুর রব, সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ, বালাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জুবেল আহমদ প্রমুখ।