হোম কোয়ারেন্টিনের রোজনামচা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস পাল্টে দিয়েছে আমাদের জীবনের বাস্তবতা। দেশ-বিদেশের পাঠকেরা এখানে লিখছেন তাঁদের এ সময়ের আনন্দ-বেদনাভরা দিনযাপনের মানবিক কাহিনি। আপনিও লিখুন। পাঠকের আরও লেখা দেখুন প্রথম আলো অনলাইনে। লেখা পাঠানোর ঠিকানা: [email protected]

‘করোনা’ শব্দটাই এখন একটা আতঙ্ক আমার কাছে, হয়তোবা বিশ্বজুড়েই। এখন নিউজফিডে করোনা রিলেটেড কিছু বা আশপাশের কেউ কিছু বললে বুকের মধ্যে কেমন যেন বোধ করি, ভালো কিছু না। ভয় আর অস্থিরতাই কাজ করে। আমার করোনার আগে–পরের জীবনের মধ্যে খুব বেশি পার্থক্য দেখি না। তবে মোটেও যে কিছু বদলায়নি, তা–ও বলা যাবে না। বলবই বা কী করে? পৃথিবী কি আর সত্যিই আগের মতো আছে?

নামকরা পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ দুই বছর আগে। আমাদের সমাজে সোনার হরিণ নামে পরিচিত সরকারি চাকরির পেছনে ছুটতে গিয়ে আমি আসলে ভীষণ রকম ক্লান্ত–পরিশ্রান্ত। তার ওপর এই করোনা ঠিক যেন মড়ার উপর খাঁড়ার ঘা! করোনা জীবন যে সুন্দর, তা যেমন বুঝতে শিখিয়েছে, সঙ্গে রাতের ঘুমও কেড়ে নিয়েছে।

আজকে যে গল্পটা বলব, তারও দুটো দিক। একটা বহু পুরোনো তামার মুদ্রার থাকে। আমার গল্পে পাত্র-পাত্রী শুধু আমার পরিবারের মানুষ বললে ভুল হবে। এক বাড়ির মধ্যে আত্মীয়রা থাকে, তাই বহু না হোক কিছু মানুষকে নিয়ে আমার বেঁচে থাকা। আর যেহেতু মানুষ আসলে প্রথমে খুশি হতে চায়, আর তারপর বিষাদের স্বাদ পেয়ে মূর্ছে ঠিকই সুখ খুঁজে নেয়। তাই সুখী হওয়া দিয়েই শুরু করব আমার গল্প।

১.

খুলনা শহরেও এখন আর বড় বড় বিল্ডিং ওঠা থামছে না। আশপাশে আর একটুকু জায়গা ফাঁকা আছে, এমন দেখি না। তবু এই যান্ত্রিকতার মধ্যে বেড়ার ঘরে প্রাকৃতিক বাতাস আর টিনের চালে বৃষ্টির শব্দ আমাকে আনন্দ দেয়। করোনা এসে দুই বেলা টিউশনিটা বন্ধ হয়েছে ঠিকই, হাতে টাকার সংকট থাকলেও মনে একটা তৃপ্তি আছে। কারণ, এ সময়গুলো ছোট বোনদের সঙ্গে হেসেখেলে দিব্বি কাটিয়ে দিচ্ছি। ওরা আমার কাছে এক একটা আনন্দের ফোয়ারা! আম্মুর বেতন বন্ধ হয়ে গেলেও টিকে থাকতে রোজ অফিসে যেতে হয়। কিন্তু আগেভাগেই ফেরে, মাকে একটু বেশি সময় ধরে কাছে পাই। দুপুরে শুয়ে শুয়ে গল্প করে আর মাঝেমধ্যে ইউটিউব দেখে ঘরোয়া খাবার বানিয়ে আমাকে আর বোনকে সারপ্রাইজড করে।

আব্বু চার মাস বাড়ি আসে না। খুব মন খারাপ করে, কিন্তু আগের থেকে বেশি দায়িত্ববান হয়ে উঠেছে। দিনের মধ্যে কতবার যে ফোন করে, আর প্রতিবার ভিডিও কলে করোনার সতর্কবাণী প্রচার করে। বোনটা যে এত ভালো আঁকে, কোনো হাতেখড়ি ছাড়া, তা–ও এই লকডাউনের আবিষ্কার। খুব ব্যস্ত জীবন যেখানে কেউ কারোর খোঁজ নেওয়ার সময় ছিল না, এখন তা–ও করোনার আশীর্বাদে চাকরিজীবী বা সংসারী বান্ধবীদের সঙ্গে গপ্প হয়। স্মৃতির রোমন্থন ভালো লাগায়। ঝড় হলে আম কুড়াই, সময় নিয়ে গাছে পানি দিই, ওদের সঙ্গে কথা বলি, ওরাও এখন আমার ভালো বন্ধু। এই তো আছি বেশ।

২.

প্রতিদিন করোনায় আক্রান্তের আর মৃতের সংখ্যা বেড়েই চলেছে। তবে যে দেশে রোজ শত শত মানুষ সড়ক দুর্ঘটনায় মরে, সে জাতির জন্য ৩০, ৩৫ কিংবা ৪০ খুব বড় ব্যাপার বলে মনে করি না। কখনো ভেবে দেখেছি আমরা ঠান্ডা মস্তিষ্কে যে কারোর পরিবারের হয়তো একজন মারা যাচ্ছে, আর সেই ছিল একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। করোনা হয়তো কেটে যাবে, কিন্তু এই অভাব পুষিয়ে নেওয়া মোটেও তাদের জন্য সহজ হবে না। আমাদের আত্মীয়স্বজনেরা মানে আমরা নিম্নমধ্যবিত্ত। আমাদের তা–ও আব্বুর টাকায় রোজ ডাল–ভাত জুটছে, কিন্তু আমার কাছের মানুষদের চলতে যারপরনাই কষ্ট হচ্ছে। কাজ নেই দিনের পর দিন, তাই বলে পেট কথা শুনবে? সঞ্চয় বলতে তো তেমন কিছু নেই। সারা দিনটা ভালো থাকার চেষ্টা চালিয়ে রাতে যখন বালিশে মাথা রাখি, এসবই ঘোরে, ঘুম হয় না, ঠিক যতটা দরকার। তাই মেজাজ খিটখিটে থাকে, অকারণে চিল্লাই, একা একা কান্নাকাটি করি, মনে হয় আমি পাগল হয়ে যাচ্ছি। শুক্রবার বিভিন্ন সূত্রে শুনলাম, ১৫ তারিখের পরে নাকি আরও ৩ মাসের জন্য লকডাউন দেবে। এটা আরও বেশি মানসিক চাপের সৃষ্টি করছে। সামনে কী দিন দেখতে হবে, ভেবে কোনো কূলকিনারা পাচ্ছি না। আমাদের দেশের মানুষ করোনায় না, তার থেকে দশ গুণ না খেতে পেয়ে মরবে। সবকিছু কেমন জানি স্থবির হয়ে যাচ্ছে। সারাক্ষণ চিন্তা হয়, করোনা কবে যাবে, পৃথিবী তার আগের রূপ ফিরে পাবে। আমার মতো মধ্যবিত্তের একটু ভালো থাকার স্বপ্নগুলো আরেকটু বেগ পাবে।

Ireen121510@gmail