হোমনায় দেয়াল ধসে চার শ্রমিক আহত
কুমিল্লার হোমনা উপজেলায় স্মৃতিস্তম্ভের পাশের দেয়াল ধসে চার নির্মাণশ্রমিক আহত হয়েছেন। গতকাল রোববার উপজেলার বড় ঘাগুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন হোমনা উপজেলার বড় ঘাগুটিয়া গ্রামের মো. লিল মিয়া (৫০), ছালাম মিয়া (৩০), মো. হক (৫০) ও বাবুল মিয়া (২৮)। স্থানীয় লোকজনের অভিযোগ, স্মৃতিস্তম্ভ নির্মাণকালে নিম্নমানের কাজ হওয়ায় দেয়াল ধসে পড়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও স্থানীয় সূত্রে জানা গেছে, চার-পাঁচ মাস আগে বড় ঘাগুটিয়া গ্রামে মুক্তিযুদ্ধের স্মৃতি রক্ষার্থে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করে এলজিইডি। ওই সময় ওই স্তম্ভের তিন পাশে দেয়ালও নির্মাণ করা হয়।
গতকাল ওই দেয়ালের পাশে গাইড ওয়াল নির্মাণ শুরু করেন ছয়জন শ্রমিক। পূর্ব পাশের দেয়ালের পাশে গর্ত করার সময় হঠাৎ দেয়ালটি ধসে পড়ে এবং চার শ্রমিক এর নিচে চাপা পড়ে আহত হন।
পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় ছালাম মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
দেয়াল নির্মাণকারী ঘাগুটিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য কামাল হোসেন ভূঁইয়া বলেন, ‘দুই লাখ টাকায় গাইড ওয়ালের নির্মাণকাজটি আমি পাই। সেই কাজ করতে গেলে আগের দেয়াল ধসে গিয়ে শ্রমিকেরা আহত হন।’
উপজেলা প্রকৌশলী আবদুছ ছোবহান বলেন, স্মৃতিস্তম্ভের দেয়ালের পাশে গাইড ওয়াল নির্মাণ করতে গর্ত করার সময় আগের দেয়ালটি ধসে গিয়ে তিন-চারজন শ্রমিক আহত হয়েছেন।