হোমনায় ব্যবসায়ী ও তিতাসে তরুণ খুন
জমিসংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় কুমিল্লার হোমনা বাজারের ব্যবসায়ী মা বস্ত্র বিতানের মালিক মো. মোখলেছুর রহমান (৫০) খুন হয়েছেন। গতকাল শনিবার সকাল সাতটায় হোমনা চৌরাস্তা মোড়ের পাশে নিজ জমিতে তিনি খুন হন। মোখলেছুর রহমান উপজেলার গোয়ারীভাঙ্গা গ্রামের প্রয়াত দেওয়ান মিয়ার ছেলে।
একইদিন বিকেলে তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের পোড়াকান্দি গ্রামে নয়ন হোসেন (২০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
মো. মোখলেসুর রহমানের ভাই মোক্তার হোসেন ও প্রত্যক্ষদর্শীরা জানান, হোমনা চৌরাস্তা মোড়ের পাশে মোখলেছুর রহমানের কেনা জায়গার পানি সরানোর নালা নির্মাণকে কেন্দ্র করে পার্শ্ববর্তী জমির আবদুল লতিফের সঙ্গে তাঁর তর্কাতর্কি হয়। একপর্যায়ে আবদুল লতিফ ক্ষিপ্ত হয়ে মোখলেছুর রহমানকে ঘুষি মারেন। এরপর মোখলেছ ইটের স্তূপের মধ্যে পড়ে মাথায় আঘাত পান। তাৎক্ষণিকভাবে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সকাল নয়টায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কুমিল্লা-২ (হোমনা ও তিতাস) আসনের সাংসদ এম কে আনোয়ার মোখলেছের লাশ দেখতে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি শোক ও সমবেদনা জানান।
হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম সিকদার বলেন, মোখলেছ ও লতিফ দীর্ঘদিনের বন্ধু ছিলেন। লতিফের ঘুষির কারণে ইটের মধ্যে পড়ে মাথায় আঘাত পান মোখলেছ। এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। লিখিত অভিযোগ পাওয়ার পর পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে। ওই ঘটনার প্রতিবাদে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রাখেন।
তিতাস উপজেলার পোড়াকান্দি গ্রামের সফিকুল ইসলাম ও ভিটিকান্দি গ্রামের আমির হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। গতকাল বিকেল সাড়ে ৩ টায় পোড়াকান্দি ও ভিটিকান্দির মধ্যবর্তী এলাকায় ধান কেটে বাড়ি ফেরার পথে আমির হোসেনের অনুসারীরা সফিকুল ইসলামের অনুসারি পোড়াকান্দি গ্রামের নয়ন হোসেন (২০), খায়রুল আলম (২২), আপেল মাহমুদ (২৪) ও আফিল উদ্দিনের (১৮) ওপর হামলা চালিয়ে কুপিয়ে জখম করে। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে গৌরীপুরে অবস্থিত দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পথেই নয়ন হোসেন মারা যান। নয়ন পোড়াকান্দি গ্রামের সুরুজ মিয়ার ছেলে। ওই ঘটনার পর এলাকা ছাড়া আছেন আমির হোসেনের লোকজন।
তিতাস থানার পরিদর্শক (তদন্ত) সামসুজ্জামান বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।