হোমনার গ্রামের বাড়িতে মাতম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কামরান হাছান
কামরান হাছান

কুমিল্লার হোমনা উপজেলার দুলালপুর ইউনিয়নের মঙ্গলকান্দি গ্রামের কামরান হাছান ওরফে মুন্নার (১৮) বাড়িতে চলছে মাতম। গতকাল শুক্রবার ঢাকা থেকে কামরানের লাশ বাড়িতে পৌঁছায়। গতকালই জানাজা শেষে তাঁকে গ্রামের কবরস্থানে দাফন করা হয়। তাঁর জানাজায় দুলালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জসিম উদ্দিনসহ এলাকার হাজারো মানুষ অংশ নেন।
এর আগে গত বৃহস্পতিবার ঢাকার তেজগাঁওয়ের তেজকুনিপাড়ার একটি মেসে কামরানকে শ্বাসরোধে হত্যা করা হয়। এ ঘটনায় কামরানের বাবা আবদুল বারেক বাদী হয়ে ওই দিনই (গত বৃহস্পতিবার) তেজগাঁও থানায় তাঁর (কামরান) রুমমেট মো. মাইনুদ্দিনকে একমাত্র আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. মাইনুদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। কামরান ও মাইনুদ্দিন বাল্যবন্ধু ছিলেন। তাঁরা একে অপরের প্রতিবেশীও ছিলেন।
আবদুল বারেক কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার পোলারে (ছেলেকে) উচ্চশিক্ষিত করতে ঢাকায় পড়ালেখার জন্য এক মাস আগে দিছি। পরীক্ষা দেওনের কিছুদিন পরে পোলায় কইছে উচ্চশিক্ষা করতে কানাডায় যাইবে। কিন্তু হেই পোলায় লাশ অইয়া বাড়ি আইছে, আমার সংসারের সব আশা-ভরসা শেষ অইয়া গেছে।’
কামরানের বড় বোন ছালমা আক্তার বলেন, ‘বৃহস্পতিবার সকাল নয়টার দিকে কামরান আমার মুঠোফোনে ফোন করে ২০ টাকা দিতে বলে। প্রায়ই আমার ভাই মুঠোফোনে টাকা চাইত। সেদিন সকালে টাকা দিতে পারিনি, পরে দুপুর ১২টার দিকে কামরানের ফোনে ফোন করলে তেজগাঁও থানার এক অফিসার কামরান খুন হয়েছে বলে জানান।’